আর্জেন্টাইন গণমাধ্যমের খবর অনুযায়ী, প্যারিস অলিম্পিকে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন মেসি। বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের সঙ্গে অলিম্পিক খেলতে চান অ্যাঞ্জেল ডি মারিয়াও। তবে তারা চাইলেই যে অলিম্পিকে খেলতে পারবেন, বিষয়টি এমনও নয়।
আর্জেন্টিনাকে প্রথমে বাছাই পর্ব উৎরাতে হবে। সেজন্য এই মুহূর্তে বাছাইপর্বে মাঠে লড়াই করছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলাররা। বর্তমানে বি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। অলিম্পিকে খেলতে চাইলে গ্রুপসেরা হতে হবে আলবিসেলেস্তেদের।
.png)
এদিকে মাসচেরানো ও টমাস বাখ মেসিকে অলিম্পিকে চাওয়া এবং মেসি-ডি মারিয়ার সেখানে অংশগ্রহণ করা সায় দেয়া পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু এ বিষয়টি নিয়ে চুপ ছিলেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি।
অবশেষে মেসি-ডি মারিয়ার অলিম্পিকে অংশগ্রহণ নিয়ে মুখ খুলেছেন জাতীয় দলের কোচ স্কালোনি। তার মতে প্যারিস অলিম্পিকে মেসি এবং ডি মারিয়ার খেলা কঠিন হবে। কেন না অলিম্পিকের আগেই যে তারা কোপা আমেরিকায় খেলবে। খবর মুন্দো আলবিসেলেস্তে।
চলতি বছরের ২৬ জুলাই থেকে ফ্রান্সের প্যারিসে বসবে অলিম্পিকের আসর। আসরে উসাইন বোল্ট-ফেলপসের তারকা না থাকায় তাই এবারের অলিম্পিককে নিয়ে আলোচনা কম হচ্ছে। গুঞ্জন অলিম্পিকের জৌলুস ধরে রাখতে ফুটবল ইভেন্ট দিয়ে আলোচনায় থাকতে চাইছে কর্তৃপক্ষ।
আর তাই আয়োজকদের চাওয়া, আর্জেন্টিনার হয়ে যেন আসরে অংশ নেয় লিওনেল মেসি এবং অ্যাঞ্জেল ডি মারিয়া।
অলিম্পিকের আগে ২১ জুন থেকে যুক্তরাষ্ট্রে গড়াবে কোপা আমেরিকার আসর। যা চলবে ১৫ জুলাই পর্যন্ত। এরপর মেসি-ডি মারিয়ারা বিশ্রাম পাবেন মাত্র ১১ দিন। তাই কোপা শেষ করেই অলিম্পিক খেলার মতো শারীরিক কন্ডিশন মেসি এবং ডি মারিয়ার থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন করেছেন স্কালোনি।
সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম মার্কার সঙ্গে এক সাক্ষাৎকারে মেসি-ডি মারিয়ার অলিম্পিকে খেলা নিয়ে স্কালোনি বলেন, আমি তো চাই মাসচেরানোর দলে মেসি-ডি মারিয়ারা থাকুক। কিন্তু সত্যিকার অর্থে কোপা আমেরিকা খেলার পরপর অলিম্পিকে খেলা সোজা কথা নয়। তবে সময় আসলে এটা আরো ভালোভাবে বোঝা যাবে।