মঙ্গলবার রাতে ঘরের মাঠে বায়ার্নের কাছে ১-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাতে নিশ্চিত হয় পয়েন্ট টেবিলে কোপেনহেগেন ও গ্যালাতাসারের পরের থাকছে তারা। এতে চাপ বেড়েছে কোচ এরিক টেন হাগের ওপর। যদিও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়া নিয়ে তার কোনো আফসোস নেই।
ম্যাচের পর হাগ বলেন, ‘আমি আক্ষেপ নিয়ে এই টুর্নামেন্টের দিকে তাকাচ্ছি না। আমরা চ্যাম্পিয়ন্স লিগে থাকতে চেয়েছি আর সবসময়ই লক্ষ্য হচ্ছে নক আউটে যাওয়া। কিন্তু আমাদের এখান থেকে শিখতে হবে আর এটা মানতে হবে যে আমরা ভালো ফুটবল খেলেছি।’
.png)
তিনি আরো বলেন, ‘দেখুন আমরা হেরে গিয়েছি এটা ঠিক। আমরা টুর্নামেন্ট থেকেও ছিটকে গিয়েছি। তবে আমাদের সামনে এখনও অনেক খেলা আছে। এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে প্রিমিয়ার লিগ এবং আপাতত সেটার উপরেই আমরা বেশি মনোযোগ দিতে চাই।’
প্রিমিয়ার লিগে ১৬ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে এখন ছয় নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের সামনে আছে এফএ কাপও। আপাতত এই দুই টুর্নামেন্টেই সব মনোযোগ দিতে চান টেন হাগ।
তিনি বলেন, ‘আমরা বরাবরই চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চেয়েছিলাম। এমন গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় প্রতিযোগিতায় খেলতে হলে নিজেদের সেরাটা সবসময় দিতে হবে। তবে এখন যখন আমরা ছিটকে গিয়েছি, তাই আমাদের হাতে আর কিছু নেই।’