বিশ্বকাপ ব্যর্থতার পর সব কিছু ঢেলে সাজাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যে তালিকায় এবার পেস বোলিং হিসেবে উমর গুল ও স্পিন বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন সাঈদ আজমল। এই দু’জন ক্রিকেটারিই পাকিস্তানের ২০০৯ টি-২০ বিশ্বকাপ ও ২০১২ এশিয়া কাপজয়ী দলের সদস্য ছিলেন।
দু’জনের কাজ শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ দিয়ে। যেখানে অস্ট্রেলিয়ায় ৩ টেস্ট ও নিউজিল্যান্ডে ৫ টি-২০ খেলবে পাকিস্তান।
.png)
উমর গুল এর আগে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেন। তার অভিজ্ঞতা আছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের বোলিং কোচ হিসেবে কাজ করার। এছাড়া ২০২২ টি-২০ বিশ্বকাপে কাজ করেছেন আফগানিস্তানের সঙ্গেও।
জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়ে উমর গুল বলেন, ‘চেয়ারম্যান জাকা আশরাফের ম্যানেজমেন্ট কমিটি আমাকে যে দায়িত্ব দিয়েছে, তাতে আমি খুব আনন্দিত। সম্মানিত বোধ করছি পাকিস্তান ক্রিকেটে অবদান রাখার সুযোগ পেয়ে। আমার অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পাকিস্তানের বোলিং বিভাগের উন্নতির চেষ্টা করব।’
অন্যদিকে আজমল পাকিস্তানের জার্সিতে খেলেছেন ৩৫ টেস্ট, ১১৩ ওয়ানডে ও ৬৪ টি-২০ ম্যাচ। সব মিলিয়ে তার শিকার ৪৪৭ উইকেট। পিএসএলে ইসলামাবাদের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন আজমল।
জাতীয় দলের স্পিন কোচ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়ে সত্যি সম্মানিত এবং কৃতজ্ঞ। পাকিস্তান জাতীয় দলের স্পিন বোলিংয়ের উন্নতিতে অবদান রাখার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমি বিশ্বাস করি, আমার ক্যারিয়ার এবং কোচিংয়ের অভিজ্ঞতা দলের স্পিন বোলিং আক্রমণকে আরো সমৃদ্ধ করতে সহায়তা করবে।’