ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পাকিস্তানিদের শুভেচ্ছা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৮, ২০ নভেম্বর ২০২৩
চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পাকিস্তানিদের শুভেচ্ছা
ছবি- সংগৃহীত

আইসিসি যেকোনো ইভেন্টের শুরু বা মাঝামাঝি পর্যায়ে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স যেমনই হোক, নক আউট পর্বে গেলে তারা হয়ে ওঠে ভয়ংকর। ২০২৩ বিশ্বকাপেও দেখা গেছে একই অবস্থা। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে ছিল অজিরা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্যাট কামিন্সের দল।

রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্বাগতিক ভারতকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এ নিয়ে ষষ্ঠবার চ্যাম্পিয়ন শিরোপা উঁচিয়ে ধরেছে অজিরা। আর তাতেই ক্যাঙ্গারুদের অভিনন্দন বার্তায় ভাসিয়ে দিচ্ছেন পাকিস্তানের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। 

এদিন পাকিস্তানের টি-২০ দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি অবশ্য শুধু অস্ট্রেলিয়াকেই অভিনন্দন জানাননি, ভারতকেও সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ তিনি লিখেছেন, ‘বিশ্বকাপ শিরোপা জেতার জন্য অস্ট্রেলিয়াকে অভিনন্দন। নিশ্চিতভাবে তারাই আজকে সেরা দল ছিল। ভাগ্য সহায় ছিল না ভারতের কিন্তু দলটি টুর্নামেন্টজুড়ে দারুণ খেলেছে।’

Advertisement

অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের স্পিন অলরাউন্ডার শাদাব খানও। তিনি লিখেছেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য অস্ট্রেলিয়াকে অভিনন্দন। বিশেষ ইনিংসটি খেলার পথে ট্রাভিস হেড দারুণ নিবেদন দেখিয়েছেন।’

পাকিস্তানের উইকেটরক্ষক–ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান অবশ্য অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানানোর আগে প্রশংসা করেছেন ভারতের পারফরম্যান্সের।  রিজওয়ান লিখেছেন, ‘বিশ্বকাপজুড়ে ভারত যে ক্রিকেট খেলেছে, সেটা দুর্দান্ত ছিল কিন্তু অস্ট্রেলিয়া ফাইনালে নিখুঁত ক্রিকেট খেলেছে। অভিনন্দন অস্ট্রেলিয়া, ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জেতার জন্য।’

পাকিস্তানি পেসার হারিস রউফ লিখেছেন, ‘আজকের দিনটি হলুদের।’ অভিনন্দন বার্তা দিয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকও।  তার মতে, ‘টিম অস্ট্রেলিয়ার প্রাপ্য জয়। ভারতীয় দল বিশ্বকাপে দারুণ খেলেছে। কিন্তু আমি সব সময় বলেছি, অস্ট্রেলিয়া যেভাবে চাপের মুখে পারফর্ম করেছে, সেটা সেরা। যেটা তারা আজকের ফাইনালেও আরেকবার প্রমাণ করেছে।’

এ তালিকায় আছেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। এক ভিডিওতে তিনি বলেন, ‘ভারত বিশ্বকাপে হেরে গেছে। যে দলটি তাদের থামাতে পারত, তারাই তাদের থামিয়েছে। অস্ট্রেলিয়া তাদের ষষ্ঠ বিশ্বকাপ জিতেছে। তারা কিছু না কিছু ঠিকঠাক করেছেই, যে কারণে তারা এতগুলো বিশ্বকাপ জিততে পেরেছে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!