ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপের টিকিট কাটতে দলে ফিরলেন সৌম্য

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৮, ২১ সেপ্টেম্বর ২০২৩
বিশ্বকাপের টিকিট কাটতে দলে ফিরলেন সৌম্য
সৌম্য সরকার

ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না সৌম্য সরকারের। সবশেষ ইমার্জিং এশিয়া কাপেও ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন তিনি। তবে বিশ্বকাপের আগমুহূর্তে পুরোনো সৌম্যকে ফেরাতে একের পর এক সুযোগ দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। তারই ধারাবাহিকতায় নিউজিল্যান্ড সিরিজে আছেন এ বাঁ-হাতি ব্যাটার।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। যেখানে একাদশে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। 

দুই বছরেরও বেশি সময় পর ওয়ানডে একাদশে সুযোগ পেলেন সৌম্য। সবশেষ ২০২১ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন তিনি। 

Advertisement

মূলত টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের ‘প্রিয় শিষ্য’ হিসেবে সৌম্যর পরিচিতি আছে। তবে শুধু হাথুরু নয়, দেশের ক্রিকেটাঙ্গনে সৌম্যর এখন অনেক ভক্ত।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে। ফিরেছেন ওপেনার তামিম ইকবাল এবং আরেক অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। প্রশ্ন উঠতেই পারে, ওপেনিং এবং ৭ নম্বর পজিশনে দুই অভিজ্ঞ থাকার পরও সৌম্য কেন একাদশে? 

জানা গেছে, ঘরোয়া এবং ‘এ’ দলের হয়ে কোনোরকম পারফর্ম না করতে পারলেও বিশ্বকাপ বিবেচনায় আছেন সৌম্য! কারণ ৩০ বছর বয়সী এই ক্রিকেটার একই সঙ্গে বিকল্প ওপেনার, সাত নম্বরের ব্যাটিং এবং মিডিয়াম পেস বোলার হিসেবেও ভূমিকার রাখতে পারেন। বিশ্বের যে কোনো দলই এমন বহুমাত্রিক ক্রিকেটার পেতে চায়।

 যে কারণে এই সিরিজে পারফর্ম করতে পারলে বিশ্বকাপের টিকিট পেয়ে যেতে পারেন সৌম্য! অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারা সৌম্য কি এবার পারবেন? সেই উত্তর না হয় সময়ের কাছেই তোলা থাকলো।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!