ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লাইভ টকশো’তে বাকযুদ্ধে জড়ালেন ভারতের দুই কিংবদন্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৯, ৬ সেপ্টেম্বর ২০২৩
লাইভ টকশো’তে বাকযুদ্ধে জড়ালেন ভারতের দুই কিংবদন্তি
ছবি- সংগৃহীত

আগামী ৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। বৈশ্বিক টুর্নামেন্টের ত্রয়োদশ আসরের আয়োজক ভারত। ঘরের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপে ফেবারিট তকমা নিয়ে মাঠে নামবে আয়োজক দেশটি। সে লক্ষ্যে এরই মধ্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। 

আসন্ন বিশ্বকাপে ভারতের স্কোয়াডে জায়গা পেয়েছেন ৭ ব্যাটার, ৪ অভিজ্ঞ বোলার এবং ৪ অলরাউন্ডার। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ভারত স্কোয়াড ঘোষণা করে। যেখানে দল থেকে ছিটকে গেছেন যুবেন্দ্র চাহাল ও সঞ্জু স্যামসন।

ভারতেরে বিশ্বকাপ স্কোয়াড নিয়ে সমালোচনা শুরু করেছেন বিশেষজ্ঞরা। সেই তালিকায় রয়েছেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। বিশ্বকাপ স্কোয়াডে শার্দুল ঠাকুরের জায়গা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এজন্য লাইভ শোতে সাবেক কোচ সঞ্জয় বাঙ্গারের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন ৬৩ বছর বয়সী এ কিংবদন্তি। 

Advertisement

২০২৩ বিশ্বকাপের ভারতীয় দলে নেই যুবেন্দ্র চাহাল ও রবিচন্দ্রন অশ্বিনের মতো অভিজ্ঞ স্পিনার। তাদের বাদ দিয়ে রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলকে অন্তর্ভুক্ত করেছেন নির্বাচকরা। 

সবশেষ ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। সে সময় ভারতের প্রধান নির্বাচক ছিলেন শ্রীকান্ত। একসময় দলটির অধিনায়কও ছিলেন তিনি। 

শ্রীকান্ত মনে করেন, ওয়ানডেতে পুরো ১০ ওভার বল করার সুযোগ খুব কম পাচ্ছে শার্দুল। একটানা রানও করতে পারছে না সে। অথচ তাকে দলে নেয়া হয়েছে। তার পরিবর্তে আর্শদীপ সিংকে নেয়া যেতো।

ভারতীয় দল ঘোষণার পর স্টার স্পোর্টসের এক শো’তে পীযূষ চাওলার উপস্থিতিতে বাঙ্গারের উদ্দেশে শ্রীকান্ত বলেন, ‘সবাই বলছেন ৮ নম্বরে আমাদের একজন ব্যাটার দরকার। কিন্তু সে তো সেখানে ব্যাট করছে না। ১০ নম্বরে ব্যাট করছে ও। এমনকি ১০ ওভারও বোলিংও করছে না শার্দুল। নেপালের বিপক্ষে কত ওভার বল করেছে সে? শুধু ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে তার পারফরম্যান্সের দিকে তাকাবেন না।’ 

তিনি আরো বলেন, ‘ভালো পারফরম্যান্স মাথায় রাখুন। কিন্তু গুরুত্ব দেবেন না। সামগ্রিক গড় দেখে বোকা হবেন না। এটি সত্যিকার চিত্র প্রতিফলিত করে না। সবসময় পৃথক ম্যাচের দিকে তাকান।’

শ্রীকান্ত আবার প্রশ্ন করেন, আমি ওয়ানডে ক্রিকেটের কথা বলছি। সে কি অলরাউন্ডার? উত্তরে বাঙ্গার বলেন, হ্যাঁ। পরে শ্রীকান্ত প্রশ্ন করেন, শার্দুল কেমন অলরাউন্ডার? টি-২০ বিশ্বকাপের পর তার সর্বোচ্চ স্কোর ২৫।

জবাবে বাঙ্গার বলেন, শার্দুলের বোলিং ভালো। ফের শ্রীকান্ত প্রশ্ন তোলেন, তার বোলিং কতটা ভালো? ক্যারিয়ারে কতবার ১০ ওভারের কোটা পূরণ করেছে সে?

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!