ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সুপার লিগ থেকে সরে দাঁড়ালো জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১৯, ১৪ জুলাই ২০২৩
সুপার লিগ থেকে সরে দাঁড়ালো জুভেন্টাস
ছবি- সংগৃহীত

২০২২-২৩ মৌসুম দুঃস্বপ্নের মতো কেটেছে ইতালি জায়ান্ট জুভেন্টাসের। সিরি আ’তে পয়েন্ট টেবিলের সাতে থেকে মৌসুম শেষ করেছে ক্লাবটি। তবে সবচেয়ে বড় ধাক্কাটা খেতে হয়েছে দলবদল নিয়ে মিথ্যা তথ্য প্রকাশ করে। ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা হচ্ছে না তুরিনের বুড়িদের।

এদিকে ২০২১ সালের এপ্রিলে ইউরোপের ১২ ক্লাব মিলে ইউরোপিয়ান সুপার লিগ (ইএসএল) আয়োজন করতে চেয়েছিল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (ইউসিএল) আদলে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ছিল। তবে বিষয়টি নিয়ে হয় প্রচুর সমালোচনা হয়, যার ফলে খুব দ্রুতই তা ভেস্তে যায়।

বার্সা, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস—এই তিন ক্লাব ছাড়া বাকি ৯ ক্লাব নিজেদের এই প্রজেক্ট থেকে সরিয়ে নেয়। ক্লাবগুলো হলো- ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, টটেনহাম, আর্সেনাল, চেলসি, এসি মিলান, ইন্টার মিলান ও আতলেতিকো মাদ্রিদ।

Advertisement

বাকি ৯ ক্লাবের মতো জুভেন্টাসও এবার সরে আসতে চাইছে। এক বিবৃতিতে গতকাল ক্লাবটি জানিয়েছে, ‘সুপার লিগ প্রজেক্টের চুক্তির ব্যাপারে অনেক অসংগতি পাওয়া গেছে। অনেক আলাপ-আলোচনা করে সুপার লিগ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেই প্রক্রিয়াও আমরা শুরু করেছি। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা অনুমতি দিলেই সুপার লিগ থেকে আমাদের বেরিয়ে যাওয়া সহজ হবে।’ 

সুপার লিগ আয়োজনের চেষ্টা যারা করেছিলেন, তাদের একজন জুভেন্টাসের সাবেক সভাপতি আন্দ্রেয়া আগনেল্লি। আর্থিক কেলেঙ্কারিতে আগে তো দুই বছর নিষিদ্ধ হয়েছিলেনই, তার ওপর গত সোমবার ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) পক্ষ থেকে আরো ১৬ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয় তাকে। একই সঙ্গে ৬০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় তা ৭১ লাখ ৪৬ হাজার টাকা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: জুভেন্টাস
লিংক সফলভাবে কপি হয়েছে!