ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

যে কারণে পেলে-ম্যারাডোনা চেয়ে এগিয়ে মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৮, ২১ জুন ২০২৩
যে কারণে পেলে-ম্যারাডোনা চেয়ে এগিয়ে মেসি
ছবি- ডেইলি বাংলাদেশ

বিশ্ব ফুটবলের মহাতারকা ব্রাজিলের পেলে, আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনা ও ডাচ ফুটবলার ইয়োহান ক্রুইফ। এ তিনজনের সকলেই পরপারের বাসিন্দা হয়ে গেছেন। তবে পায়ের জাদুতে ফুটবলের মাঠে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তারা। এজন্য আজও ফুটবলপ্রেমীদের মুখে মুখে ফেরেন এই কিংবদন্তিরা।

পেলে-ম্যারাডোনা-ক্রুইফদের নাকি ছাড়িয়ে গেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তাকে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে দাবি করেছেন নেদারল্যান্ডস ও বার্সেলোনার সাবেক ফুটবলার প্যাট্রিক ক্লুইভার্ট।

সম্প্রতি ক্রীড়া বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, বর্ণিল ক্যারিয়ারে ক্লাব ফুটবলে সবধরনের শিরোপা জিতেছিলেন মেসি। শুধু অধরা ছিল স্বপ্নের বিশ্বকাপ। অবশেষে ২০২২ সালে সেই সোনালি ট্রফিতেও চুমু এঁকেছেন তিনি। 

কাতারে আর্জেন্টিনার হয়ে বিশ্ব ট্রফি জিততে মরিয়া ছিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। পরিশেষে সেই স্বাদ পূরণ হয়েছে ৩৫ বছর বয়সী ম্যাজিকম্যানের। এতে সবধরনের শিরোপায় তার শোকেস পূর্ণ হয়েছে।

সামনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন মেসি। মেজর সকার লিগের (এমএসএল) ক্লাব ইন্টার মিয়ামির হয়ে অভিযানে নামতে যাচ্ছেন তিনি। 

নেদারল্যান্ডসের সাবেক তারকা ক্লুইভার্ট মনে করেন, এখন নিজেকে সর্বকালের সেরা দাবি করতে পারেন মেসি। এ খেলায় অতীতে যে যা করেছেন, তাদের উপরে উঠে গেছেন উনি।

জনিবেট ডটকমকে তিনি বলেন, ‘ম্যারাডোনা, পেলে, ক্রুইফ ও অন্যান্য মহারথীদের সম্মান জানিয়েই আমি বলছি; এরই মধ্যে মেসি যা অর্জন করেছেন, তাতে সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি। বিশ্বকাপ, মহাদেশীয় শিরোপা, চ্যাম্পিয়নস লিগসহ সেরা ফুটবলাররা যেসব ট্রফি জিততে চান, সব জিতেছেন উনি। সবার চেয়ে ব্যক্তিগত পুরস্কারও বেশি বগলদাবা করেছেন আর্জেন্টাইন আইকন।’

ডাচ কিংবদন্তি বলেন, কারো চোখে মেসি সর্বকালের সেরা নাও হতে পারে। তবে আমি তাকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মনে করি।

প্রসঙ্গত, জাতীয় দল ও ক্লাব ফুটবলের জার্সিতে মেসি চারবার চ্যাম্পিয়নস লিগ, ১০বার লা লিগা, ২বার লিগ ওয়ান, একবার করে যুব বিশ্বকাপ, বিশ্বকাপ, অলিম্পিক পদক, লা ফিনালিসিমা ও কোপা আমেরিকা জিতেছেন তিনি। পাশাপাশি সাতবার ফুটবলের সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর ঘরে তুলেছেন ওয়ান্ডারম্যান। ফুটবল ইতিহাসে এ নজির আর কারো নেই।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!