ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আবাহনীর কাছে মাশরাফীর রূপগঞ্জের হার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৩, ৭ মে ২০২৩
আবাহনীর কাছে মাশরাফীর রূপগঞ্জের হার
ছবি- সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি মৌসুমটা দুর্দান্ত কাটছে আবাহনী লিমিটেডের। একের পর এক জয়ে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ঐতিহ্যবাহী ক্লাবটি।

রোববার সুপার লিগে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মাঠে নেমেছিল আবাহনী। এ ম্যাচে মাশরাফীর রূপগঞ্জকে ৪ উইকেটে হারিয়েছে মোসাদ্দেক হোসেনের দল।

এদিন টস জিতে আগে ব্যাট করতে নামে রূপগঞ্জ। নির্ধারিত ওভারের আগেই সবকটি উইকেট হারিয়ে ২৩০ রান করে তারা। 

Advertisement

শুরুতে রূপগঞ্জের দুই ওপেনার মুনিম শাহরিয়ার (২) ও পারভেজ হোসেন ইমন (১০) ফিরে যান। তিন নামা সাব্বির রহমানও ফিরেছেন কেবল ৮ রান করে।

এরপর দলকে পথ দেখান ইরফান শুক্কুর ও চিরাগ জানি। এই দুই ব্যাটার মিলে যোগ করেন ৮১ রান। তবে চিরাগ ৫১ বলে ৫০ রান করে ফেরেন। এরপর ৫২ রান করে ফেরেন শুক্কুরও। 

পরবর্তীতে জাওয়াদ রোয়েনের ৪৬ ও অধিনায়ক মাশরাফীর ২৬ রানে ২৩০ রান পুঁজি পায় রূপগঞ্জ। 

এ ম্যাচে আবাহনীর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন পেসার রিপন মন্ডল। খুশদিল শাহ নেন ২ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় আবাহনী। দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাইম শেখ মিলে করেন ৭২ রান। এরপর ৩৩ রান করা বিজয়কে লেগ বিফোরের ফাঁদে ফেলে দলকে প্রথম সাফল্য এনে দেন মাশরাফী। পরে ৫৬ রান করে আউট হন নাইম শেখও।

তৃতীয় উইকেটে মাহমুদুল জয় ও আফিফ হোসেন যোগ করে ৫৪ রান। আফিফ আউট হন ৩৩ রান করে। জয় আউট হওয়ার আগে করেন ৬৭ রান। 

এরপর মোসাদ্দেক (৭) ও জাকের আলি অনিক ফেরেন কোনো রান না করে। শেষদিকে খুশদিলের অপরাজিত ২২ ও নাহিদুলের অপরাজিত ১০ রানে সহজ জয় পায় আবাহনী। 

এদিন রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মুক্তার আলী।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!