সোমবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে প্রাইম ব্যাংকের মুখোমুখি হয় রূপগঞ্জ। এদিন টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান করে মোহাম্মদ মিথুনরা। রান তাড়ায় ৩৮.৩ ওভারে মাত্র ১৫৭ রানেই গুটিয়ে যায় মাশরাফীরা। এতে ১৭৩ রানের বিশাল জয় পায় প্রাইম ব্যাংক।
দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে বাইশ গজে ফিরেই দুর্দান্ত শতক তুলে নেন জাকির হাসান। অবশ্য শতকের ইনিংসটি লম্বা করতে পারেননি তিনি। ১০৬ বলে ১০৬ রান করে আউট হয়ে যান। এদিন তার সঙ্গে উদ্বোধনী জুটিতে নামা শাহাদত হোসেন দিপুও তিন অংকের ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন। আউট হওয়ার আগে ১১৯ বলে ১০৪ রান করেন এ ব্যাটার।
.png)
প্রাইম ব্যাংকের ওপেনিং জুটি জাকির-দিপুর ব্যাট থেকে আসে ২২২ রান। তারা দু’জন আউট হয়ে ক্রিজ ছাড়লে রানের গতি বাড়াতে থাকেন অর্ধ শতক করা আল আমিন জুনিয়র। মাত্র ২৭ বলে ৫৬ রান করেন তিনি। তাতে ৩৩১ রানের বড় সংগ্রহ পায় প্রাইম ব্যাংক।
রূপগঞ্জের হয়ে চিরাগ জানি ছাড়া দলটির কোনো বোলারই সুবিধা করতে পারেননি। এ ম্যাচে ৩ উইকেট শিকার করেন চিরাগ। এছাড়া ৯ ওভারে ৬৭ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি মাশরাফী।
এদিন বোলিংয়ের মতো ব্যাট হাতেও দিশাহীন ছিল রূপগঞ্জ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। সর্বোচ্চ ৩৮ রান করেন চিরাগ। এ ছাড়া আশিক উল আলম নাইম ৩৬, সোহাগ গাজী ২১ ও রাজিবুল ইসলাম ১৬ রান করে সাজঘরে ফেরেন। প্রাইম ব্যাংকের হয়ে ২টি করে উইকেট নেন মাহাদি হাসান, রুবেল হোসেন ও নাসির হোসেন।