বৃহস্পতিবার নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আবাহনীর মুখোমুখি হয়েছে প্রাইম ব্যাংক। এ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেটে ২৮৫ রান সংগ্রহ করেছে আবাহনী। এতে প্রাইম ব্যাংকের জয়ের জন্য প্রয়োজন ২৮৬ রান।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে আবাহনী। যেখানে সেঞ্চুরির দেখা পেয়েছেন আফিফ হোসেন। এদিন ১০১ বলে অপরাজিত থাকেন ১১১ রানে।
.png)
বুধবার রাতে উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে বাংলাদেশ দলের হয়ে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন আফিফ। এমন সুখবর পাওয়ার একদিন না যেতেই করলেন সেঞ্চুরি।
বৃহস্পতিবার ম্যাচের শুরুতে দলের দুই ওপেনার নাঈম শেখ এবং এনামুল হক বিজয় দলকে ভালো শুরু এনে দেন। তবে ব্যক্তিগত ৩১ রানে থাকা অবস্থায় ফিরে যান বিজয়।
এরপর ২৬ রান করে ফিরে যান নাঈমও। তিনে নামা মাহমুদুল হাসান জয়ও ভালো শুরুর আভাস দিয়েছিলেন। তবে ডান হাতি এই ব্যাটার প্যাভিলিয়নের পথ ধরেন ১৯ রান করে।
পরে আফিফের সঙ্গে জুটি গড়েন অধিনায়ক মোসাদ্দেক হোসেন। এই দুই ব্যাটার মিলে ১৪০ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে রাখেন। তবে ৬৭ রানে ফিরে যান মোসাদ্দেক। এরপর পাকিস্তানি ক্রিকেটার খুশদিল করেন ১২ রান।
এরপর জাকের আলি অনিককে সঙ্গে নিয়ে আফিফ তুলে নেন সেঞ্চুরি। অনিক শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১ রান করে এবং আফিফ ১১১ রানে।
এদিন প্রাইম ব্যাংকের হয়ে দুইটি করে উইকেট নেন শেখ মেহেদী ও কাশিফ বাট।