ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মর্যাদার লড়াইয়ে মোহামেডানকে হারাল আবাহনী

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০১, ১ মে ২০২৩
মর্যাদার লড়াইয়ে মোহামেডানকে হারাল আবাহনী
ছবি- সংগৃহীত

সুপার লিগের প্রথম ম্যাচেই আবাহনী লিমিটেডের মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। মর্যাদার এ লড়াইয়ে মোহামেডানকে ৯ রানে হারিয়েছে মোসাদ্দেকরা।

সোমবার মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৮ রান করে আবাহনী। জবাবে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২৫০ রানে থেমেছে ইমরুল কায়েসের মোহামেডান। 

এদিন মোহামেডানের হয়ে শুরুতেই দুই ওপেনার ইমরুল কায়েস এবং সৌম্য সরকার ফিরে যান। রান করতে পারেননি বিদেশি ক্রিকেটার কামিন্দু মেন্ডিসও। ১২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে মোহামেডান। পরবর্তীতে দলের হাল ধরেন আরিফুল ইসলাম এবং মাহেদুল ইসলাম অংকন। চতুর্থ উইকেট জুটিতে এই দুই ব্যাটার মিলে গড়েন অর্ধ-শত রানের জুটি। 

Advertisement

তবে দলীয় ৮৫ রানে থাকা অবস্থায় ফিরে যান আরিফুল। এরপর মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে লড়তে থাকেন অংকন। এরপর হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। দারুণ খেলতে থাকা রিয়াদও তুলে নেন অর্ধ-শতক। তবে দলীয় ১৭২ রানের মাথায় এসে সেঞ্চুরির কাছে গিয়ে বড় শট খেলতে গিয়ে ফেরেন অংকন। সাজঘরে ফেরার আগে ১১৩ বলে ৮৮ রান করেন এই ব্যাটার।

অন্যপ্রান্তে ব্যাট হাতে লড়াই করেন রিয়াদ। তবে ব্যক্তিগত ৫৪ রানে থাকা অবস্থায় আউট হন তিনি। রিয়াদকে হারিয়েই দিশেহারা হয়ে পড়ে মোহামেডান। এরপর মোহামেডানের দলীয় ২২১ রানে জোড়া আঘাত হেনে আবাহনীর জয় খানিকটা সহজ করে তুলেন মোসাদ্দেক।

এরপর শেষ ওভারে জয়ের জন্য ২০ রানের প্রয়োজন হলে আবারো বোলিংয়ে আসেন মোসাদ্দেক। প্রথম বলে ছক্কা হাঁকিয়ে পরের বলে ২ নেন মুশফিক। এরপর লেগ বিফরের ফাঁদে পড়ে ফিরে যান এই অভিজ্ঞ ব্যাটার। 

সবশেষ ৩ বলে ১২ রান প্রয়োজন হলে ক্রিজে নেমে নাজমুল হোসেন অপু সিঙ্গেল নিয়ে শুভাগতকে স্ট্রাইক দেন। হোম অবশ্য পঞ্চম বলে একের বেশি নিতে পারেননি। শেষ বলে অপু এক রান নিয়ে আবাহনীর জয় নিশ্চিত করেন। মোসাদ্দেক ৫১ রান দিয়ে নেন ৪ উইকেট।

এর আগে দিনের শুরুতে মিরপুরে প্রথমে ব্যাট করতে নেমে আবাহনী সংগ্রহ করে ৭ উইকেট হারিয়ে ২৫৮ রান। তবে দলের হয়ে এদিন দুই ওপেনার ভালো শুরু এনে দিতে পারেননি। পরবর্তীতে মোসাদ্দেক হোসেনের ৬৩ এবং জাকের আলী অনিকের ৬৩ রানে ভর করে মোহামেডানকে চ্যালেঞ্জিং পুঁজি ছুঁড়ে দেয় আবাহনী।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!