তবে পারিবারিক সম্পর্কের বাইরেও দুই আফ্রিদির আলাদা পরিচয় আছে। সেটি হলো- একজন পাকিস্তানের সাবেক ক্রিকেটার, অন্যজন বর্তমানে জাতীয় দলের জার্সিতে বল হাতে দ্যুতি ছড়াচ্ছেন।
এবার বাজে পারফরম্যান্সের কারণে জামাই শাহীনকে ধুয়ে দিলেন আফ্রিদি। একই সঙ্গে শাদাব খানকেও ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়ে মন দেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক এ ক্রিকেটার।
.png)
সোমবার রাওয়ালপিন্ডিতে হাতের মুঠোয় থাকা এক ম্যাচ হেরে টি-২০ সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করেছে পাকিস্তান। ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ রানেই ৩ উইকেট হারিয়েছিল নিউজিল্যান্ড। এরপর লাগামছাড়া বোলিং করে কিউইদের হাতে ম্যাচটি তুলে দেয় স্বাগতিকরা।
শাহিন আফ্রিদি প্রথম ওভারেই জোড়া আঘাত হেনেছিলেন। কিন্তু পরে খেই হারিয়ে ফেলেন। ৪ ওভারে দেন ৪৮ রান। শাহিনের এমন বোলিং নিয়ে শহিদ আফ্রিদি বলেন, ‘ম্যাচ জিততে হলে লাইন এবং লেন্থে ধারাবাহিকতা রাখা খুব জরুরি। শাহিন শুরুটা করলো ভালোভাবে, কিন্তু যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, তখনই বিচলিত হয়ে ভুল জায়গায় বোলিং করলো।’
সিরিজের পঞ্চম ও শেষ টি-২০তে লেগস্পিনার শাদাব খানও যাচ্ছেতাই বোলিং করেছেন। ওই ম্যাচে ২ ওভারে দেন ২৯ রান তিনি। এই অলরাউন্ডারকে ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়ে জোর দিতে বললেন আফ্রিদি।
আফ্রিদি বলেন, ‘শাদাব মাঝের ওভারগুলোতে শক্ত পারফর্মার। কিন্তু বাঁহাতি ব্যাটারের বিরুদ্ধে সে ধুঁকছে। বোলিংয়ে মনোযোগ দেওয়া উচিত তার। ব্যাটার হিসেবে সে হয়তো একটা জায়গা করেছে। কিন্তু তার কাছে যেটা বেশি দরকার, সেটা হলো বোলিং। দলে জায়গা ধরে রাখতে তার বোলিংয়ে উন্নতি করতে হবে।’