ভারতীয় সমর্থকদের মুখে তালা ঝুলিয়ে খুশি ব্রুক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের জন্য রেকর্ড দামে সানরাইজার্স হায়দরাবাদে নেয়া হয় ইংলিশ তারকা হ্যারি ব্রুককে। তবে আইপিএলে আশানুরূপ পারফরম্যান্স করতে পারছিলেন না তিনি। তবে সব বিতর্ক ছাপিয়ে এক ম্যাচেই নিজের জাত চেনালেন এ ব্যাটার।
আইপিএলে দুর্দান্ত এক সেঞ্চুরির পর ব্রুক বলেন, ‘ভারতীয় সমর্থকদের জবাব দিতে পেরে তৃপ্তি পাচ্ছেন তিনি।’
চলমান আইপিএলের নিলামে ব্রুককে নিয়ে শুরু হয়েছিল রীতিমতো কাড়াকাড়ি। শেষ পর্যন্ত ১৩ কোটি ২৫ লাখ রুপিতে তাকে দলে পায় সানরাইজার্স হায়দরাবাদ।
তবে আইপিএলে নিজের শুরুটায় ছন্দ খুঁজে পাচ্ছিলেন না ব্রুক। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে তার আইপিএল অভিষেক। চারে নেমে সেদিন ১৩ রান করেন ২১ বল খেলে। পরের ম্যাচে পাঁচে নেমে ফেরেন ৩ রানে। তৃতীয় ম্যাচে ওপেনিংয়ে তুলে আনা হয় তাকে। এবার করেন ১৪ বলে ১৩।
অবশেষে শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ইডেন গার্ডেনসে ওপেন করতে নেমে ৫৫ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন ব্রুক। এ ইনিংসটি ১২ চার ও ৩ ছক্কায় সাজিয়েছেন তিনি। টি-২০ ক্রিকেটে যা তার দ্বিতীয় সেঞ্চুরি। দলের ২৩ রানের জয়ে এ দিন ম্যাচ সেরার স্বীকৃতিও পান ব্রুক।
ব্রুক বলেন, প্রথম কয়েক ম্যাচের পর সত্যি বলতে নিজের ওপর একটু চাপই নিয়ে ফেলেছিলাম। সামাজিক মাধ্যমে ঢুকলেই দেখতাম লোকে আমাকে বলছে ‘রাবিশ।’
তিনি আরো বলেন, তবে আজকে আমি মাঠে নেমেছিলাম ‘আই ডোন্ট কেয়ার’ মানসিকতা নিয়ে। সৌভাগ্যবশত কাজে লেগেছে। এটাই আসলে সবচেয়ে সেরা পথ (জবাব দেওয়ার)। ভারতীয় সমর্থকদের অনেকেই আজকে আমাকে বলবেন ‘ওয়েল ডান।’ তারাই কয়েকদিন আগে আমাকে তুলাধুনা করছিলেন। তাদেরকে চুপ করিয়ে দিতে পেরে সত্যি বলতে আমি খুশি।