সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝে মধ্যেই ভেসে উঠত সানিয়া-শোয়েবের ছবি। এক সঙ্গে। পাশাপাশি, চোখে চোখ, হাতে হাত। সেই সামাজিক যোগাযোগমাধ্যমও এবার চুপ। সানিয়াকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাননি শোয়েব।
টেনিস তারকাও বিশেষ দিনের কথা ভাগ করে নেননি অনুরাগীদের সঙ্গে। কিছু দিন আগেও সানিয়ার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন শোয়েব। গত কয়েক মাসে তাদের পারিবারিক পোস্ট বলতে ছেলে ইজহানের সঙ্গে। কোথাও শোয়েবের সঙ্গে সানিয়া নেই। সানিয়ার পাশেও শোয়েব নেই। কোথাও নেই বিয়ের জন্মদিনের কথা।
.png)
বিচ্ছেদ নিয়ে কেউ মুখ খোলেননি। পরস্পরকে কখনও দোষারোপ করেননি। এই সংক্রান্ত প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন দু’জনেই। সানিয়া টেনিসকে বিদায় জানিয়েছেন। শোয়েব এখনও টেনে নিয়ে চলেছেন ক্রিকেটজীবন।
বৈবাহিক জীবন টেনে নিয়ে যাওয়ার তেমন অভিপ্রায় তাদের নেই বলেই সূত্রের খবর। পাকিস্তান অভিনেত্রী আয়েশা ওমরের সঙ্গে শোয়েবের ঘনিষ্ঠতাকে কেন্দ্র করে শুরু হয়েছিল সম্পর্কের টানাপোড়েন। সেই ফাটল ক্রমশ বেড়েছে।
আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ না হলেও মানসিক বিভেদ স্পষ্ট। এ নিয়েও মুখ খোলেনি কেউ কখনও। তবু ক্রীড়াপ্রেমীরা জানতে চান তাদের কথা। তারা চান জোড়া লাগুক সম্পর্ক। বুধবার সকাল থেকেই তাদের চোখ ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে দুই ক্রীড়াবিদের অ্যাকাউন্টগুলোতে। যদি সম্পর্কের কোনও সোনালি রেখা দেখা যায়। কিন্তু যায়নি।