আগামী ৪ ফেব্রুয়ারি বাহরাইনে বসতে যাচ্ছে এসিসি'র সভা। যে সভায় সবার চোখ থাকবে ভারতীয় ক্রিকেট বোর্ড ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর। কারণ এই সভাতেই জানা যাবে আগস্ট-সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপের ভবিষ্যৎ।
চলতি বছর এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। যার স্বাগতিক দেশ পাকিস্তান। সমস্যাটা এখানেই। আর কোন দেশের পাকিস্তানে যাওয়া নিয়ে কোন দ্বিমত না থাকলেও বাঁধা হয়েছে ভারত। প্রধান কারণ পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব।
.png)
এই দ্বন্দ্বের জেরে এরই মধ্যে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সেক্রেটারি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট জয় শাহ সাফ জানিয়ে দিয়েছেন, এশিয়া কাপ পাকিস্তানে হলে খেলতে যাবে না টিম ইন্ডিয়া।
জয় শাহ-র এমন মন্তব্যে চটেছিলেন তৎকালীন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। তিনিও পাল্টা জবাবে বলেছিলেন, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান না আসলে, তারাও ভারতে ওয়ানডে বিশ্বকাপে পাঠাবে না দল। পিসিবির নতুন চেয়ারম্যান নাজাম শেঠিরও একই কথা।
তবে এসিসির হস্তক্ষেপে এবার আশার আলো দেখতে যাচ্ছে এশিয়া কাপ। বাহরাইনে ৪ ফেব্রুয়ারি এক বৈঠকে বসবেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্মকর্তারা। এই সভাতেই দুই বোর্ডের মধ্যে আলোচনার মাধ্যমে খোঁজা হবে সমাধান। জানা যাবে এশিয়া কাপের ভবিষ্যৎ।