শান্তর ব্যাটে ধারাবাহিকতা দেখা যাচ্ছে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)। চলতি আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। রয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাতেও। মঙ্গলবার ফরচুন বরিশালের বিপক্ষে খেলেছেন ৮৯ রানের ইনিংস।
এরপর সংবাদ সম্মেলনে এসে নিজের ব্যাপারে হওয়া সমালোচনা নিয়ে কথা বলেন শান্ত। তিনি বলেন, ‘আমি এটা বলছি না যে আমাকে নিয়ে সমালোচনা করা যাবে না। আমি খারাপ খেললে অবশ্যই সমালোচনা হবে। তবে আমি মনে করি আরেকটু শালীনভাবেও হতে পারত। যেটা আমার পরিবারের জন্য ভালো হতো।’
.png)
এরপর তিনি বলেন, ‘আমি যেটা বললাম, এটা আসলে আমি নিয়ন্ত্রণ করতে পারব না। অনেকে না জেনে, অনেকে না বুঝে হয়তো কথা বলে ফেলে। দলের পরিকল্পনা, আমার পরিকল্পনা কিংবা আমি কতটুকু হার্ড ওয়ার্ক করি সেটা হয়তো অনেকে জানে না। জানার প্রয়োজনও নেই।
শান্ত আরো বলেন, এটা নিয়ে আসলে যত বেশি কথা আমি বলব, কথা বলাই হবে। এটা যার যার চিন্তা ভাবনা। সবাই যদি বুঝে কথা বলে, জেনে কথা বলে তাহলে আমার মনে হয় ভালো। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়গুলো আমার জন্য যতটা কঠিন, আমার পরিবারের জন্য তার চেয়েও বেশি কঠিন।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা দেখেন শান্তর পরিবার। সেই বিষয় নিয়ে এই ওপেনার বলেন, ‘আমি যেভাবে বুঝি আমার পরিবারের সদস্যরা কিন্তু সেভাবে বোঝে না। তাদের দুঃখ হয়। তারাও কষ্ট পায়, খারাপ লাগে। এই জিনিসটার জন্য আমি মাঝে মাঝে হতাশ হয়েছি। আমারও খারাপ লেগেছে।’