স্কালোনির কথায় এখন ‘দিন-রাত’ হয়
এইতো বছর কয়েক আগেও আর্জেন্টিনা ছিল তীরে এসে তরী ডোবানো একটি দল। টানা তিনটি ফাইনালে পরাজিত হয়েছিলো দক্ষিণ আমেরিকার দলটি। অথচ সেই তারাই এখন টানা ৩৩ ম্যাচ ধরে অপরাজিত। শেষ এক বছরে মেসিরা জিতেছে কোপা আমেরিকা আর ফিনালিসিমা শিরোপা।
দলের এমন অনবদ্য পারফরম্যান্সের সবচেয়ে বড় কারণ দলের প্রতি খেলোয়াড়দের নিবেদন আর ঐক্য। যার বড় কৃতিত্ব দলকে এক সুতোয় গাথা কোচ লিওনেল স্কালোনির। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেটাই জানালেন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। তিনি জানান, স্কালোনি বললে আর্জেন্টিনার দিনটাও নাকি রাত হয়ে যায়!
স্কালোনির অধীনে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ডি পল। তাই আলবিসেলেস্তে শিবিরে স্কালোনি যুগটাও সবচেয়ে বেশি দেখেছেন তিনিই। দলের এমন বদলে যাওয়ার রহস্য তো তারই সবচেয়ে বেশি জানার কথা। সেটা তিনি জানেনও।
সম্প্রতি স্থানীয় সংবাদ মাধ্যম টেলি ফে’কে দেওয়া এক সাক্ষাৎকারে বাকি সবাইকেও সেটা জানিয়েছেন ডি পল। তিনি বলেন, এখন ধরুন সকাল ১০টা বাজে। এমন সময়ে স্কালোনি এসে আমাদের বললো শুভরাত্রি, তখনই আমাদের জন্য রাত হয়ে যায়।
তিনি আরো বলেন, স্কালোনি আমাদের কাছে বাবার মতো। তিনি যা বলেন সেটাই আমরা করতে চেষ্টা করি। তার অধীনে আমরা ভালো করতে দৃঢ়প্রতিজ্ঞ।