ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

ফের অধিনায়কের দায়িত্বে, জাদেজাকে নিয়ে মুখ খুললেন ধোনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১৪, ২ মে ২০২২
ফের অধিনায়কের দায়িত্বে, জাদেজাকে নিয়ে মুখ খুললেন ধোনি
ফাইল ফটো

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) শুরুর মাত্র দুদিন আগে অধিনায়কত্ব ছেড়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তবে মৌসুমের মাঝপথে ফের চেন্নাই সুপার কিংসের (সিএসকে) দায়িত্ব নিয়েছেন।

ধোনির সঙ্গে ঠিক কী হয়েছিল সেই সময়ে? কেন ফের দায়িত্ব নিতে রাজি হলেন তিনি? সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ম্যাচ শেষে তা নিয়ে মুখ খুলেছেন সাবেক ভারতীয় এই অধিনায়ক।

ধোনি বলেন, এ মৌসুমের আগেই আমি জানিয়ে দিয়েছিলাম আর অধিনায়ক থাকব না। জাদেজা জানত ওকে দায়িত্ব নিতে হবে। তাই মানসিকভাবে ও নিজেকে তৈরি করার সময় পেয়েছিল। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

জাদেজা অধিনায়ক হলেও ম্যাচের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছিল সিদ্ধান্ত নিচ্ছেন ধোনি, তা নিয়ে সমালোচনা করেছিলেন অনেকে। এ বিষয়ে ধোনি বলেন, জাদেজা প্রথমবার অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছিল। তাই প্রথম কয়েকটা ম্যাচে ওকে পরামর্শ দিয়েছিলাম। কিন্তু তারপর ওকে বলেছিলাম সব দায়িত্ব ওকেই নিতে হবে। কখনও যেন মনে না হয় একজন টস করতে যাচ্ছে আর অন্যজন অধিনায়কত্ব করছে। অধিনায়কত্ব চামচে করে খাইয়ে দেওয়া যায় না। একটা সময় পর্যন্ত সাহায্য করা যায়। তারপর নিজেকেই দায়িত্ব নিতে হয়।

প্রথম আট ম্যাচে দায়িত্ব নিয়ে বিশেষ সফল হতে পারেননি জাদেজা। মাত্র দুই ম্যাচে জয় এসেছিল। সেই কারণেই কি ফের নিজের কাঁধে দায়িত্ব তুলে নিলেন ধোনি? 

এর জবাবে ধোনি বলেন, জাদেজার খেলা খারাপ হচ্ছিল। ওর মাথায় সারাক্ষণ অধিনায়কত্ব ঘুরছিল। তার প্রভাব খেলায় পড়ছিল। অধিনায়ক জাদেজার থেকে ব্যাটার, বোলার ও ফিল্ডার জাদেজার বেশি দরকার সিএসকে-এর। তাই আমি ফের দায়িত্ব নিয়েছি। কারণ এ তিন ক্ষেত্রে জাদেজা নিজের সেরাটা দিতে পারলে সেটা আমাদের অনেক বেশি উপকারে আসবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!