ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

তলানির দল বার্নলির সঙ্গেও পেরে উঠলো না ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৪, ৯ ফেব্রুয়ারি ২০২২
তলানির দল বার্নলির সঙ্গেও পেরে উঠলো না ইউনাইটেড
ক্রিস্টিয়ানো রোনালদো

প্রিমিয়ার লিগের তলানির দল বার্নলির সঙ্গে ১-১ গোলে ড্র করে হতাশ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর পুঁচকে দলের সঙ্গে ড্র করার খেসারত হিসেবে টেবিলের শীর্ষ চার থেকে নেমে গেছে রাল্ফ রাংনিকের দল। 

টার্ফ মুরে পল পগবার গোলে ১৮ মিনিটেই এগিয়ে গিয়েছিল ইউনাইটেড। কিন্তু বিরতির পরপরই জে রড্রিগুয়েজের গোলে সমতায় ফিরে স্বাগতিকরা।

লন্ডন স্টেডিয়ামে তলানির থেকে দ্বিতীয় দল ওয়াটফোর্ডকে ১-০ গোলে পরাজিত করে ইউনাইটেডকে এক পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে চতুর্থ স্থানে উঠে এসেছে ওয়েস্ট হ্যাম। ম্যাচের ৬৮ মিনিটে জেরড বোয়েনের গোলে হ্যামার্সদের জয় নিশ্চিত হয়।

ক্রিস্টিয়ানো রোনালদোকে মূল একাদশের বাইরে রেখে দল সাজিয়েছিলেন রাংনিক। বদলী বেঞ্চ থেকে ৬৮ মিনিটে মাঠে নেমেছিলেন রোনালদো। কিন্তু তাতেও সফল হতে পারেননি ইউনাইটেড বস। ১৮ মিনিটে শক্তিশালী শটে পগবা দলকে এগিয়ে দেয়া ছাড়া প্রথমার্ধে আর কোন সুযোগই তৈরী করতে পারেনি সফরকারীরা। 

শুক্রবার পেনাল্টি শ্যুট আউটে চ্যাম্পিয়নশীপের দল মিডলসব্রোর কাছে পরাজিত হয়ে এফএ কাপ থেকে বিদায় নেবার পর মৌসুমের দ্বিতীয়ভাবে এসে একের পর এক ব্যর্থতায় লিগেও ছন্দ হারিয়ে ফেলছে ইউনাইটেড।

এফএ কাপের ঐ ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে কালকের ম্যাচে নামলেও তা কাজে আসেনি। এগিয়ে থেকেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে না পারাটা রক্ষনভাগের ব্যর্থতাকে আরো একবার সামনে নিয়ে এসেছে। যদিও একটা সময় পুরো দলই রক্ষনাত্মক কৌশলে খেলতে শুরু করেছিল। 

বিরতির দুই মিনিট পর হ্যারি ম্যাগুয়েরকে কাটিয়ে বাম দিক থেকে ওট ওয়েগহর্স্ট রড্রিগুয়েজের দিকে বল বাড়িয়ে দেন। সেই বল থেকে রডিগুয়ের ডেভিড ডি গিয়াকে পরাস্ত করলে সমতায় ফিরে বার্নলি।

ম্যাচ শেষে রাংনিক বলেছেন, আরো একবার আমরা প্রথমার্ধে দুর্দান্ত খেলেছি। ঐ সময় পুরো ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের কাছেই ছিল। আমরা তিনটি গোলও করেছিলাম, এর মধ্যে দুটি বাতিল হয়ে যায়। দ্বিতীয়ার্ধে আমরা তেমন একটা আক্রমণাত্মক খেলতে পারিনি। রাতটা আমাদের জন্য দারুণ হতাশার। কারণ এই ম্যাচটা আমাদে সহজভাবে জেতা উচিত ছিল।

এবারের মৌসুমে ২০ লিগ ম্যাচে ১১তম ড্র বার্নলিকে টেবিলের তলানি থেকে উপরে উঠতে দিচ্ছে না। এদিকে মঙ্গলবার দিনের আরেক ম্যাচে এভারটনকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে লিগে টিকে থাকার স্বপ্ন ধরে রেখেছে নিউক্যাসেল।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!