অভিনয়ে নাম লেখাচ্ছেন ধোনি!
ভারতীয় ক্রিকেট দলের হয়ে সম্ভাব্য প্রায় সবকিছুই জিতেছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাওয়া সাবেক এই ক্রিকেটার এবার পা রাখতে যাচ্ছেন অভিনয় জগতে। নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে আপলোড করা এক ভিডিওতে এমন কিছুরই ইঙ্গিত দিয়েছেন তিনি।
পৃথিবী জুড়ে থাকা কোটি ক্রিকেট ভক্তের কাছে খুবই জনপ্রিয় একটি নাম মহেন্দ্র সিং ধোনি। উইকেটের পেছনে গ্লাভস হাতে কিংবা উইকেটের সামনে ব্যাট হাতে দাঁড়িয়ে তিনি বরাবরই অনবদ্য সব মহাকাব্যের জন্ম দিয়ে গেছেন।
ভারত জাতীয় ক্রিকেট দলের হয়ে প্রায় সবগুলো আন্তর্জাতিক শিরোপা উঁচিয়ে ধরা এই মহারথী ক্রিকেট বিশ্বে পরিচয় লাভ করেছেন ‘ক্যাপ্টেন কুল’ হিসেবেও। ভারতের ঝাড়খণ্ডের ছোট্ট শহর রাঁচি এলাকা থেকে উঠে এসে বিশ্ব ক্রিকেট কাঁপানো মহেন্দ্র সিং ধোনি নিজেই একটা সিনেমার গল্প।
ধোনির জীবনকাহিনী নিয়ে বেশ আগেই সিনেমা বানানো হয়েছে বলিউডে। নিজেও নিয়মিত কাজ করে গেছেন বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনে। আর এবার সেই ধোনি পেশা পাল্টিয়ে পুরোদস্তুর হয়ে যাচ্ছেন পেশাদার অভিনেতা! ভারতের জনপ্রিয় দৈনিক আনন্দবাজার নিশ্চিত করেছে সেই খবর।
বুধবার নিজের ফেসবুক পেজে একটি প্রোমো ভিডিও আপলোড করেছেন ধোনি। সেই ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, ‘নতুন যুগের গ্রাফিক নভেল অথর্বের ‘ফার্স্ট লুক’। আমি খুশি এটি সবার সামনে তুলে ধরতে পেরে।’
জানা গেছে, রমেশ তামিলমানির রচনায় ধোনি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হতে যাচ্ছে ‘অথর্ব’ নামক ওয়েব সিরিজটি। এই সিরিজের নাম ভুমিকায় অভিনয় করবেন ভারতের সাবেক এই কিংবদন্তি অধিনায়ক।
ধোনি এন্টারটেইনমেন্টের ব্যানারে এর আগে নির্মিত হয়েছে ‘রোর অব দ্য লায়ন’ নামক ডকুমেন্টারি সিরিজ। এই প্রযোজনা প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি। তিনি কথা বলেছেন ‘অথর্ব’ সিরিজের দৃশ্যপট নিয়েও।
সাক্ষী বলেছেন - ‘পৌরাণিক ঘটনার উপরে তৈরি এই কাহিনী। এক রহস্যময়ের যাত্রাকাহিনীর বর্ণনা যেখানে রয়েছে। জগৎসংসারের নানা দিক তুলে ধরা যেতে পারে এই সিরিজের মাধ্যমে। ফিল্মের চেয়ে ওয়েব সিরিজই সঠিক মঞ্চ হবে বলে আমাদের মনে হয়েছে।’