ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

শিকাগো থেকে দুবাইয়ে ছুটে এলেন ধোনির ‘পাকিস্তানি’ ভক্ত

টি-২০ বিশ্বকাপ, ২০২১
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:০৪, ২৪ অক্টোবর ২০২১
শিকাগো থেকে দুবাইয়ে ছুটে এলেন ধোনির ‘পাকিস্তানি’ ভক্ত
ছবি: সংগৃহীত

মূল নাম মোহাম্মদ বশির হলেও চাচা শিকাগো নামেই তাকে চেনে সবাই। জাতীয়তা হিসেবে পাকিস্তানি হলেও মনে প্রাণে তিনি ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ভক্ত। প্রিয় তারকাকে দেখার জন্য সুদূর শিকাগো থেকে দুবাইয়ে হাজির হয়েছেন তিনি।

মহেন্দ্র সিংহ ধোনি যেদিন শেষবারের মতো ভারতীয় ড্রেসিং রুম থেকে বেরিয়ে যান, গ্যালারি ছেড়ে উঠে গিয়েছিলেন বশির। এরপর বাইশ গজে ভারত অনেক ম্যাচই খেলেছে। কিন্তু ছিলেন না ধোনি। ঠিক তেমনই গরহাজির ছিলেন তিনিও।

করাচির আদি বাসিন্দা চাচা শিকাগো ‘ক্যাপ্টেন কুল’ ধোনির অন্ধ ভক্তকূলের অন্যতম সদস্য। বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হয়ে ফিরেছেন ধোনি। এ কারণে গ্যালারিতে ফিরেছেন ৬৪ বছরের চাচা শিকোগাও। চাচার আশা, এবারও তার জন্য টিকিটের ব্যবস্থা করে দেবেন ধোনি।

করাচিতে জন্ম-কর্ম হলেও বর্তমানে কানাডায় থাকেন চাচা শিকাগো। ধোনি যেদিন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান, ভারাক্রান্ত মনে ঠিক করেছিলেন, নিজেও ক্রিকেট দেখাকে বিদায় জানাবেন। কিন্তু যেই শুনতে পেলেন ভারতীয় দলের মেন্টর হিসেবে ড্রেসিংরুমে ফিরছেন এমএস, নিজেকে সামলাতে পারেননি। এরপরই রওনা হন দুবাই।

তবে এবারই অবশ্য প্রথম নয়। ভক্ত চাচাকে ধোনি প্রথমবার ম্যাচের টিকিট দিয়েছিলেন ২০১১ সালে। সেবার বিশ্বকাপের সেমিফাইনালে মোহালিতে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। এছাড়া ২০১৪ সালে ঢাকায় আইসিসি টি-২০ বিশ্বকাপের টিকিটও চাচার হাতে পৌঁছেছিল ধোনির ম্যানেজারের মাধ্যমে।

আরো একটি টি-২০ বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে চাচা চাইছেন, ঢাকা-মোহালির পুনরাবৃত্তি হোক, টিকিট পাঠান ধোনি। গ্যালারি থেকে সাজঘরে বসে থাকা ধোনিকে দেখবেন বলে নিজেই বানিয়ে নিয়েছেন ভারত-পাক মৈত্রীর বার্তাবহ মাস্ক এবং জার্সি।

এ বিষয়ে চাচা বলেন, ‘ধোনি আমার জন্য একটা টিকিট রেখে দিয়েছেন, আমি নিশ্চিত। দুবাইয়ে নেমেই ধোনিকে বার্তা পাঠিয়েছিলাম। হয়ত করোনার কারণে ধোনির সঙ্গে দেখা করতে পারব না। কিন্তু প্রথম বল থেকে খেলাটা দেখতে পারব, এ ব্যাপারে আমি নিশ্চিত।’ তাহলে কি চাচা শিকাগো ভারতের জয় চাইছেন? চাচার জবাব, ‘আমি চাই পাকিস্তান আর এমএস ধোনি জিতুক।’

দুবাইয়ে যে হোটেলে চাচা উঠেছেন, সেখানে অনেকেই চাচাকে চিনতে পারছেন। এই প্রসঙ্গে মোহাম্মদ বশির জানান, ‘একদল পাকিস্তানি সমর্থক হোটেলে আমায় চিনতে পেরে যান। রসিকতা করে তারা আমায় জিজ্ঞেস করেন, আমি কি ভারতের জয় প্রার্থনা করছি? আমি উত্তর দিই, একেবারেই না। আমি চাই ধোনি জিতুন। এ কথা শুনে ওরা আমাকে গাদ্দার বলে হেসে উঠলেন। বেশ মজা পেয়েছি!’

তিনি আরো বলেন, ‘শেষ বারের মতো ধোনি ভারতীয় সাজঘরে ঢুকলেন। আর হয়ত কোনোদিন তাকে এভাবে দেখার সুযোগ আসবে না। আমারও বয়স হচ্ছে। এই সুযোগটা কোনোভাবেই ছাড়তে পারলাম না।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!