ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

নাহিদার বিশ্বরেকর্ডে বাংলাদেশের বিশাল জয়

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৩, ১৯ জানুয়ারি ২০২২
নাহিদার বিশ্বরেকর্ডে বাংলাদেশের বিশাল জয়
বাংলাদেশ দল

মেয়েদের টি-২০তে নাহিদা আক্তারের আগে ইনিংসে পাঁচ উইকেট নিতে পেরেছিলেন সর্বসাকুল্যে একজন। দ্বিতীয় বোলার হিসেবে নাহিদা এই কীর্তি গড়লেও বোলিং ফিগারের দিক থেকে তারটাই সেরা। তার এমন দুর্দান্ত বোলিংয়ের দিনে কেনিয়াকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল।

মালেশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আইসিসি কমনওয়েলথ গেমস-২০২২ এর নারী বাছাইপর্বের ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কেনিয়া। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে বেশ বিপদেই পড়ে বাংলাদেশের মেয়েরা। ইনিংস উদ্বোধনে নেমে মুর্শিদা খাতুন করেন ১৯ বলে ২৬ রান। এছাড়া টপ অর্ডারের আর কেউ রান পাননি। 

তবে টাইগ্রেসদের ইনিংস লম্বা করায় মূল ভূমিকা রাখেন সালমা খাতুন ও রিতু মণি। শেষ দিকে ৩ চারে ৩২ বলে ৩৩ রান করেন সালমা। অন্যদিকে ৩৪ বলে ২৯ রান করে রিতু অপরাজিত থাকেন। এতে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১২৫ রান তুলে বাংলাদেশ। কেনিয়ার পক্ষে ৪ ওভারে ১৪ রান দিয়ে তিন উইকেট নেন কোয়েন্টার আবদেল।

জবাব দিতে নেমে কোনোরকম প্রতিরোধই গড়তে পারেনি কেনিয়ার মেয়েরা। অনেকটা একাই লড়াই করেন সারণ জমা। ৪ চারে ২০ বলে ২৪ রান করেন তিনি। এছাড়া আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

১২ ওভার ৪ বল খেলেই মাত্র ৪৫ রানে অলআউট হয়ে যায় কেনিয়া। বাংলাদেশের পক্ষে ৩ ওভার ৪ বল হাত ঘুরিয়ে ১২ রান দিয়ে ৫ উইকেট নেন নাহিদা। ফলে প্রথম ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেল নিগার সুলতানা জ্যোতির দল।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১২৫/৬, ২০ ওভার (মুর্শিদা ২৬, সালমা ৩৩*, রিতু ৩৯*; অ্যাবেল ৪-০-১৪-৩, ওচিং ৪-০-২১-২, ইদাম্বো ৪-০-৩২-১)।

কেনিয়া: ৪৫/১০ ১২ ওভার ৪ বল (জুমা ২৪, অ্যাবেল ৯; সালমা ৩-০-১৫-১, সুরাইয়া ২-০-৫-১, রুমানা ২-০-৮-১, নাহিদা ৩.৪-১-১২-৫, মেঘলা ২-০-৫-১)।

ফল: বাংলাদেশ ৮০ রানে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ: নাহিদা আক্তার।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!