ক্যারিবীয়দের চেপে ধরেছে টাইগাররা
টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে প্রথম জয়ের লক্ষ্যে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ বোলিংয়ে ক্যারিবীয়দের চেপে ধরেছে টাইগাররা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১০ ওভারে ৩ উইকেটে ৪৮ রান।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে নেমেছে টাইগাররা। নুরুল হাসান সোহানের জায়গায় এই ম্যাচে দলে ঢুকেছেন সৌম্য সরকার। এছাড়া নাসুম আহমেদের জায়গায় সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ক্রিস গেইল ও এভিন লুইস। প্রথম দুই ওভার দেখেশুনে খেললেও তৃতীয় ওভারে পথ হারায় উইন্ডিজ। মুস্তাফিজুর রহমানের বল উড়িয়ে মারতে গিয়ে বল আকাশে তুলে দেন লুইস। অনেকটা পথ দৌড়ে এসে তা তালুবন্দী করেন মুশফিক। লুইস ফেরেন ৬ রানে।
ক্রিস গেইল অফ ফর্ম থেকে বেরোতে পারেননি। তাকে ৬ রানে বোল্ড করার পর আরেক বিপদজনক ব্যাটার শিমরন হেটমেয়ারকেও ফেরান মাহেদী হাসান। এই অফস্পিনারের বলে সৌম্য সরকারের ক্যাচে পরিনত হওয়ার আগে হেটমেয়ার করেন ৯ রান।