ওমরাহ করতে দেশ ছাড়লেন ৭ টাইগার ক্রিকেটার
সিরিজ জয় দিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড মিশন শেষ করেছে টাইগাররা। আপাতত টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে বিশ্রামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে ব্যক্তিগত পর্যায়ের অনুশীলন। ছুটির মাঝেই পবিত্র ওমরাহ পালন করতে গেলেন ৭ টাইগার ক্রিকেটার।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটের ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে দেশ ছেড়েছেন টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে থাকা পাঁচজনসহ বাংলাদেশের মোট ৭ ক্রিকেটার।
বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা হলেন- নাইম শেখ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন এবং তাসকিন আহমেদ। এছাড়া আরো দুজন ক্রিকেটার তাইজুল ইসলাম এবং জাকির হাসান তাদের সফরসঙ্গী হচ্ছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, ওমরাহ শেষ করে ২১ সেপ্টেম্বর দেশে ফিরে আসার কথা রয়েছে এই ৭ ক্রিকেটারের। দেশে ফেরার পর মাত্র কয়েকদিন পরিবার-পরিজনের সঙ্গে কাটাতে পারবেন তারা।
তারপর শুরু হবে বিশ্বকাপ মিশন। বিশ্বকাপ সামনে রেখে আগামী ৪ অক্টোবর দেশ ছাড়বে জাতীয় দলের বহর। প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে ওমানে গিয়ে সেখানে কন্ডিশনিং ক্যাম্প করবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।