ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

শেষ দিনে ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০০, ১৮ জানুয়ারি ২০২১
শেষ দিনে ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ
ছবি: আইসিসি

চার ম্যাচ সিরিজের শেষ টেস্টে ভারতকে জয়ের জন্য বড় লক্ষ্য বেঁধে দিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। সিরিজ জিততে চাইলে ভারতকে করতে হবে ৩২৪ রান। হাতে আছে দশটি উইকেট।

বৃষ্টি আসায় নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে চতুর্থ দিনের খেলা। ফলে পঞ্চম দিন কিছুটা আগে খেলা শুরু হবে। ভারতের হাতে থাকবে ৯৮ ওভার। লক্ষ্য ৩২৮ রান হলেও খেলা বন্ধের আগে ৪ রান সংগ্রহ করেছে আজিংকা রাহানের দল। 

এমতাবস্থায় জমে উঠেছে ব্রিসবেন টেস্ট। পঞ্চম দিনে ভারত জয়ের জন্য ঝাঁপাবে নাকি ড্রয়ের মানসিকতা নিয়ে নামবে, এটাই এখন ক্রিকেটপ্রেমীদের মনে সবথেকে বড় প্রশ্ন। চতুর্থ দিনের শেষে ম্যাচের পরিস্থিতি যা, তাতে জয়, ড্র, হার— তিন রকম ফলই সম্ভব।

সিডনি টেস্টে লক্ষ্যমাত্রা কম থাকলেও রিশাভ পান্টের ব্যাটিংয়ের সৌজন্যে একসময় জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল ভারত। পান্ট আউট হওয়ার পর হারের ভ্রূকুটি ছিল। হনুমা বিহারী এবং রবিচন্দ্রন অশ্বিনের অলৌকিক ইনিংসে ভর করে কোনোরকমে ম্যাচটি ড্র করে রাহানের দল। 

উপরোক্ত দু’জনের কেউ এই টেস্টে না থাকলেও প্রথম ইনিংসে দুর্দান্ত খেলেছেন ওয়াশিংটন সুন্দর এবং শার্দূল ঠাকুর। তাদের অবশ্য তখন ম্যাচ বাঁচানোর দায় ছিল না। ফলে সেই পরিস্থিতি সামনে এলে তখনো একই রকম ভাবে ঠান্ডা মাথায় দুজন খেলতে পারবেন কি না, সেটা নিয়ে সন্দিহান অনেকেই।

বিশ্লেষকরা মনে করছেন, মঙ্গলবার সকালের প্রথম এক ঘণ্টাই ম্যাচের ভবিষ্যৎ ঠিক করে দেবে। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজলউডদের আগুনে বোলিংয়ের সামনে যদি কোনো ভাবে টিকে যান রোহিত শর্মা, শুভম গিলরা- তাহলে জয়ের স্বপ্ন দেখতেই পারে ভারত। কিন্তু প্রথম ঘণ্টা বা তার পরের দিকে টপ অর্ডার ফিরে গেলে ম্যাচ বাঁচানো ছাড়া ভারতের হাতে আর কোনো উপায় থাকবে না।

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!