ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

বিসিসিআইয়ের লক্ষ্য, ভারতেই হবে পরবর্তী আইপিএল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৪, ৮ ডিসেম্বর ২০২০
বিসিসিআইয়ের লক্ষ্য, ভারতেই হবে পরবর্তী আইপিএল
ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে ভারতের বদলে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসর। গত নভেম্বরে সফলভাবে এই টুর্নামেন্ট সম্পন্ন হয়। ভারতে করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। তবুও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ইচ্ছা, যে করেই হোক আইপিএলের পরবর্তী আসর নিজ দেশে আয়োজন করবে।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের এপ্রিল-মে মাসে আইপিএলের ১৪তম আসর আয়োজিত হবে। কিন্তু ভারতের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এরই মধ্যে দেশটিতে হানা দিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। ফলে ভারতে আইপিএল আয়োজন নিয়ে আবারো শঙ্কা দেখা দিয়েছে।

তবে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি যে করেই হোক আইপিএলের পরবর্তী আসরটি ভারতে আয়োজন করতে চান। সংযুক্ত আরব আমিরাতকে বিকল্প ভেন্যু হিসেবে রেখে নিজ দেশে আইপিএল আয়োজনের সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে সৌরভ বলেন, আইপিএলের পরের আসরটি এখনো পাঁচ মাস দূরে। এই আসরটি ভারতে আয়োজন করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমি সবাইকে বলতে চাই, তাদের ভারতে এসে দেখা উচিত যে ভারতের মানুষদের জন্য আইপিএল কতটা গুরুত্ব বহন করে। আমরা এর পাশাপাশি ভারতে ঘরোয়া ক্রিকেট আয়োজনেরও প্রস্তুতি নিচ্ছি।

আগামী বছরের ফেব্রুয়ারিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ইংল্যান্ড ক্রিকেট দলের ভারতে সফর করার কথা রয়েছে। কিন্তু করোনা পরিস্থিতির কারনে সেই সিরিজটিও আরব আমিরাতে আয়োজনের ব্যাপারে আলোচনা চলছিল। তবে বিসিসিআই প্রেসিডেন্ট এই সিরিজটিও ভারতে আয়োজন করতে চান।

এ বিষয়ে সৌরভ আরো বলেন, চারটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-২০ খেলতে ইংল্যান্ডের আগামী ফেব্রুয়ারিতে ভারত সফর করার কথা আছে। অনেকেই কোভিডের দ্বিতীয় ঢেউ নিয়ে আলোচনা করছে। ক্রমবর্ধমান করোনা পরিস্থিতির বিষয়ে আমরা তীক্ষ্ণ নজর রাখছি। আমাদের যত্নশীল হয়ে নিশ্চিত করতে হবে যে সবকিছু ঠিকভাবে চলছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!