ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

রিয়াল সোসিয়েদাদে যোগ দিলেন ডেভিড সিলভা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৯, ১৮ আগস্ট ২০২০
রিয়াল সোসিয়েদাদে যোগ দিলেন ডেভিড সিলভা
ডেভিড সিলভা

ম্যানচেস্টার সিটি থেকে দুই বছরের চুক্তিতে রিয়াল সোসিয়েদাদে যোগ দিয়েছেন স্প্যানিশ তারকা মিডফিল্ডার ডেভিড সিলভা। ৩৪ বছর বয়সী সিলভা প্রায় এক দশক কাটিয়েছেন সিটিতে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে লিঁওর বিপক্ষে ৩-১ গোলের পরাজয়ের ম্যাচটিতে বদলী খেলোয়াড় হিসেবে খেলতে নেমেছিলেন। এটিই ছিল সিটির হয়ে তার শেষ ম্যাচ। 

প্রাক-মৌসুম অনুশীলনে তার নতুন দল সোসিয়েদাদের সতীর্থদের সঙ্গে যোগ দেবার কথা রয়েছে। লা লিগার ২০২০-২১ মৌসুম আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। ষষ্ঠ স্থানে থেকে গত মৌসুম শেষ করা সোসিয়েদাদ আগামী বছরের ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।

ম্যানচেস্টারে থাকাকালীন সিলভা ১১টি শিরোপা জয় করেছেন। প্রিমিয়ার লিগের অন্যতম সেরা বিদেশী খেলোয়াড় হিসেবে তিনি সব সময়ই বিবেচিত হয়েছেন। তার সম্মানে আগামী বছর একটি মূর্তি স্থাপন করতে যাচ্ছে সিটি। 

এমনকি ক্লাবের অনুশীলন মাঠটি তার নামে নামাঙ্কিত করা হবে বলেই সিটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

ভ্যালেন্সিয়া থেকে ২০১০ সালে সিটিতে যোগ দিয়েছিলেন সিলভা। সিটিজেনদের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় খেলেছেন ৪৩৬টি ম্যাচ। ২০০৮ ও ২০১২ সালে ইউরো চ্যাম্পিয়নশীপ ও ২০১৪ সালে বিশ্বকাপ জয়ী স্প্যানিশ দলেরও গর্বিত সদস্য ছিলেন সিলভা।

সিটি চেয়ারম্যান খালদুন আল মুবারক ক্লাবের এক বিবৃতিতে বলেছেন, ‘ডেভিড একজন রূপান্তরমূলক খেলোয়াড়। একজন নিশ্চুপ নেতা যে পুরো দলকে সারাক্ষন উজ্জীবিত করে রেখেছিল। ক্লাবের হয়ে সিলভা যে অপূর্ব মুহূর্তগুলো আমাদের উপহার দিয়েছে সেগুলোকে জীবিত রাখার জন্য তার একটি মূর্তি স্থাপন করা হবে। সে শুধুমাত্র একজন অসাধারণ ফুটবলারই নয় একইসঙ্গে একজন অনুপ্রেরণামূলক দূত যে প্রতিটি সময় ক্লাবকে দারুণভাবে প্রতিনিধিত্ব করেছে’।

স্প্যানিশ ফুটবলের ইতিহাসে সিলভা চতুর্থ সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। একইসঙ্গে স্পেনের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় রয়েছেন ষষ্ঠ স্থানে।

২০২১ সালে সিলভার মূর্তি উন্মোচন করা হবে বলে সিটি সূত্র নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!