বর্ণবাদের শিকার আর্চার
বিগত কয়েক মাস ধরেই সারাবিশ্বে বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন চলমান রয়েছে। কালো মানুষদের প্রতি বিরূপ আচরণের বিরুদ্ধে লড়ছে সাড়া বিশ্ব। এই আন্দোলনের শ্লোগান দেয়া হয়েছে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ (বিএলএম)। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজেও বিএলএম আন্দোলনকে সমর্থন দেয়া হচ্ছে। অথচ এই সিরিজ চলাকালীন সময়েই বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ইংলিশ পেসার জোফরা আর্চার।
ইংল্যান্ডের জৈব নিরাপত্তাবলয় ভাঙ্গার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছিলেন আর্চার। সেই সঙ্গে আইসোলেশনে পাঠানো হয় তাকে, দুই দফায় করাতে হয় করোনা পরীক্ষা। সেখানে সফলভাবে উত্তীর্ণ হয়ে অবশেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন এই আক্রমণাত্মক পেসার।
দলের সঙ্গে যোগ দেয়ার পরই বিস্ফোরক মন্তব্য করেছেন আর্চার। আইসোলেশনে থাকাকালীন সময়ে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন তিনি। সম্প্রতি ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই ইংলিশ পেসার।
এ বিষয়ে আর্চার বলেন, ‘ইনস্টাগ্রামে গত কয়েকদিন ধরেই আমাকে উদ্দেশ্য করে বেশ কিছু বর্ণবাদী পোস্ট দেখেছি। আমার মনে হয়ে যথেষ্ট হয়েছে, আর না। আমি এই বিষয়ে ইসিবিতে আমার অভিযোগ প্রেরণ করেছি। আশা করছি এটা যথাযথ প্রক্রিয়ায় এগিয়ে যাবে।’
তিনি আরো যোগ করেন, ‘এটা একেবারেই অনুচিত। গত কিছুদিনে আমি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু মানুষকে বাধ্য হয়েই আনফলো করেছি। আমি কখনোই তাদের কাছে ফিরে যাব না। মনে হচ্ছে একটা অস্থির দুনিয়াতে আমরা বসবাস করছি।’
এসবের পাশাপাশি নিয়ম ভাঙ্গায় অনুশোচনা প্রকাশ করেন এই ইংলিশ পেসার।