সৌদি আরবে এবার নারীদের রেসলিং
প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারীদের রেসলিং। সৌদি গেজেটের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে সৌদির প্রথম নারীদের রেসলিং অনুষ্ঠিত হচ্ছে।
ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই) জানিয়েছে, নারী রেসলিংয়ের সুপারস্টার নাটালয়া এবং লেসি এভান্স এবং পুরুষ রেসলিংয়ে সাবেক বক্সিং চ্যাম্পয়িন টাইসন ফারি এবং ব্রাউন স্ট্রোম্যান অংশ নিবেন।
গত বছর সৌদিতে রেসলিংয়ের আয়োজন করা হয়। সেটা সরাসরি টেলিভিশনে সম্প্রচারও করা হয়েছিল। সে সময় শুধুমাত্র পুরুষদের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এবং নারীদের ম্যাচ বাতিল করা হয়েছিল।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি নাগরিকদের বিনোদনের পরিধি বাড়াতে এমন আয়োজন করা হয়েছে। রাজধানী রিয়াদে দুই মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সৌদি কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে এই রেসলিংয়ের আয়োজন করা হয়েছে।
ক্রাউন প্রিন্সের দায়িত্ব পাওয়ার পর থেকে সৌদিকে বদলে দেয়ার পরিকল্পনা নিয়ে ভিশন-২০৩০ হাতে নিয়েছেন মোহাম্মদ বিন সালমান (এমবিএস)।
শুধু অর্থনীতির সংস্কার নয় দেশটির নাগরিকদের বিনোদনের পরিধি বাড়াতে সিনেমা হল নির্মাণ, সিনেমা প্রদর্শণসহ বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। নারীদের অধিকার বৃদ্ধি করা হয়েছে। নারীদের গাড়ি চালানোয় অনুমতি দেয়া হয়েছে।
এছাড়া পর্যটক বাড়াতে প্রথমবারের মতো পর্যটক ভিসা চালু করেছে সৌদি। পশ্চিমা বিশ্বের আদলে সমুদ্র সৈকতে পর্যটকরা ঘুরতে পারবেন বলে অনুমতির অপেক্ষায় রয়েছে।