ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাতে প্রেমিকের ঘরে প্রেমিকাকে ঢুকিয়ে লুটপাট

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪০, ১৬ এপ্রিল ২০২০
রাতে প্রেমিকের ঘরে প্রেমিকাকে ঢুকিয়ে লুটপাট
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জে পরিকল্পিতভাবে প্রেমিকাকে প্রেমিকের বসতঘরে ঢুকিয়ে হামলা লুটপাট ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রেমিক রিয়াজ ও তার বাবা আলী আহম্মদ মারাত্মক আহত হন। তাদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত ৩টায় ৬ নম্বর লামচর ইউপির মধ্য কাশিমনগর গ্রামের দফতরি বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার কাশিমনগর দফতরি বাড়ির আলী আহম্মদের ছেলে রিয়াজ হোসেন ও একই বাড়ির আ. মতিনের মেয়ে সুমাইয়া আক্তারের সঙ্গে ৫-৬ বছর আগে থেকে প্রেমের সম্পর্ক চলে আসছে। তারা রাতের আধাঁরে দেখা সাক্ষাৎ করে। মেয়ের মা কোহিনুর বেগম বিষয়টি জানে। কিন্তু ছেলে-মেয়ের বাবারা তা জানতো না। এক বছর আগে ছেলের বাবাসহ সমাজের বিভিন্ন লোকজন ছেলে-মেয়ের প্রেমের বিষয়টি জানতে পারে।

বাড়ি ও এলাকার লোকজন বিয়ের মাধ্যমে এর সমাধান করার উদ্যোগ নেয়। কিন্তু ছেলের বাবা আলী আহম্মদ বিষয়টি না মানায় উদ্যোগটি ব্যর্থ হয়ে যায়। এতে মেয়ের বখাটে ভাই সুজন ক্ষিপ্ত হয়ে উঠে। বুধবার রাতে রিয়াজ ও সুমাইয়া একে অপরের সঙ্গে মোবাইলে যোগাযোগের মাধ্যমে সুমাইয়া রিয়াজদের ঘরে যায়।

বিষয়টি টের পেয়ে রাত ৩টার সময় সুমাইয়ার ভাই সুজন, তাজুল, নাজিম, এমরান মিলে আলী আহম্মদের বসত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে। এ সময় বাধা দিলে আলী আহম্মদ ও তার ছেলে রিয়াজকে পিটিয়ে মারাত্মক আহত করে। তাদের চিৎকার শুনে আশপাশের লোকেজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে রামগঞ্জ হাসপাতালে ভর্তি করে।

প্রেমিকা সুমাইয়া আক্তার বলেন, রিয়াজের সঙ্গে আমার ছয় বছরের সম্পর্ক। এটা সবাই জানে। গতকাল আমি রিয়াজের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে তাদের ঘরে যাই। পরে আমার ভাই সুজন লোকজনসহ রিয়াজদের ঘরে গেলে মারামারি হয়।

আহত রিয়াজের বাবা আলী আহম্মদ বলেন, আমার ছেলে একমাস আগে বিদেশ থেকে আসে এবং তাকে বিয়ে করানোর প্রস্তুতি নিচ্ছি। এ সময় সুযোগ বুঝে সুজন পরিকল্পিতভাবে তার বোনকে আমার ঘরে ঢুকিয়ে দেয়। পরে লোকজনসহ ঘরে দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরে থাকা ৭ ভরি স্বর্ণালংকার ও ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিলে আমাকে ও আমার ছেলেকে পিটিয়ে আহত করে।

রামগঞ্জ থানা ওসি (তদন্ত) ফজলুল হক জানান, এ ব্যাপারে কেউ এখন পর্যন্ত থানায় অভিযোগ করেননি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!