ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পার্বতীপুরে মাটি খুঁড়তেই মিলল ৫০৬ রাউন্ড গুলি

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৪, ৩০ এপ্রিল ২০২০
পার্বতীপুরে মাটি খুঁড়তেই মিলল ৫০৬ রাউন্ড গুলি
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের পার্বতীপুরে টয়লেটের সেপটিক ট্যাংকের মাটি খোঁড়ার সময় ৫০৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানের বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার চন্ডীপুর ইউপির উত্তর শালন্দার সরদারপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানের বাড়িতে টয়লেটের সেপটিক ট্যাংক তৈরির জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল। এ সময় রাইফেলের ৩৮৩ রাউন্ড গুলি ও পিস্তলের ১২৩ রাউন্ড গুলি দেখতে পায় মাটি খননকারী শ্রমিক হুমায়ন ও রফিকুল ইসলাম।

বিষয়টি থানায় জানানো হলে পার্বতীপুর মডেল থানার ওসি (তদন্ত) সোহেল রানা  ঘটনাস্থল গিয়ে  ৫০৬ রাউন্ড গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে ওই বাড়ির গৃহকর্তী রুবি বেগম জানান, তার স্বামী দেড় বছর আগে মারা গেছেন। ওই সময় থেকে ৭ বছর বয়সী নাতি ফজলে রাব্বীকে নিয়ে এই বাড়িতে বসবাস করেন। এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

এ ব্যাপারে জানতে চাইলে ওসি (তদন্ত) সোহেল রানা জানান, উদ্ধার হওয়া গুলি তাজা কিনা তা পরীক্ষা শেষে জানা যাবে। এসব গুলির মধ্যে ৪০ রাউন্ড গুলি চার্জারে রেডি অবস্থায় পাওয়া যায়।

 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!