অনন্য রেকর্ডের সামনে অ্যান্ডারসন
ইনজুরির ফলে ক্রিকেট থেকে দীর্ঘদিনের বিরতিতে ছিলেন ইংলিশ ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। অবশেষে ফের ক্রিকেটে ফিরছেন তিনি। বৃহস্পতিবার বক্সিং ডে টেস্ট দিয়ে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। এই টেস্টে খেলতে নামলেই অসাধারণ এক মাইলফলক স্পর্শ করবেন অ্যান্ডারসন।
সেঞ্চুরিয়ান টেস্ট খেলতে নামলেই ক্যারিয়ারে ১৫০ টেস্টের মাইলফলক স্পর্শ করবেন ইংলিশ পেসার। ইতিহাসের প্রথম জেনুইন ফাস্ট বোলার হিসেবে এই কীর্তি গড়বেন তিনি। অবশ্য এই এলিট ক্লাবে তার আগে যোগ দিয়েছেন আরো আট ক্রিকেটার। তবে অ্যালিস্টার কুকের পর দ্বিতীয় ইংলিশ ক্রিকেটার হিসেবে এই মাইলফলকে পা রাখবেন তিনি।
সবচেয়ে বেশি ২০০টি টেস্ট খেলে এই এলিট ক্লাবে সবার ওপরে রয়েছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। সমান ১৬৮টি করে ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও ওয়াহ যথাক্রমে দুই ও তিনে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস ১৬৬ টেস্ট ম্যাচ খেলে তালিকার চারে অবস্থান করছেন।
.png)
তালিকার পাঁচ ও ছয়ে আছেন যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ন চন্দরপল ও ভারতের রাহুল দ্রাবিড়। তারা দুজনেই সমান ১৬৪ টেস্ট খেলেছেন। অ্যালিস্টার কুক ১৬১ টেস্ট খেলে সাত আর অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার ১৫৬ টেস্টে আছেন আটে।
তালিকার নয়ে যৌথভাবে অবস্থান করছেন অ্যান্ডারসন ও শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনে। দুজনেই খেলেছেন সমান ১৪৯টি টেস্ট।
সাদা পোশাকে ইংল্যান্ডের জার্সিতে অ্যান্ডারসনের অভিষেক হয় ২০০৩ সালে। শুরু থেকেই দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন তিনি। এখন পর্যন্ত ১৪৯ টেস্টে ৫৭৫টি উইকেট নিয়েছেন এই ফাস্ট বোলার।