সিলেট ও ময়মনসিংহে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু
সিলেট ও ময়মনসিংহে হাম পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে তিনজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা বেড়ে ২১৭ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরের ১৭ মার্চ থেকে এ পর্যন্ত ৮৮ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রকাশিত দৈনিক হাম ও রুবেলা পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। একই দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালও তাদের রোগী ভর্তি, ছাড়পত্র ও মৃত্যুর পরিসংখ্যান প্রকাশ করে।
সিলেট বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১১ ও ১২ নভেম্বর তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স যথাক্রমে ১১ মাস, ৪ মাস ১৭ দিন ও ৯ মাস। মৃত শিশুদের মধ্যে দুজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তাদের দুজন সিলেট জেলার এবং একজন হবিগঞ্জের বাসিন্দা।
অন্যদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম সন্দেহে মারা যাওয়া শিশুটির বয়স আট মাস। তার বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর সকাল ১১টা ৫৮ মিনিটে শিশুটিকে ভর্তি করা হয়। ১২ নভেম্বর ভোর ৮টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়। গুরুতর নিউমোনিয়ার সঙ্গে সন্দেহভাজন হামজনিত জটিলতায় হৃদ্যন্ত্র ও শ্বাসপ্রশ্বাসের ক্রিয়া বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সেখানে মোট ৬ হাজার ২৬৮ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ২৬ জন। এ সময়ে মারা গেছেন ৮৮ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ৩৮ জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন। একই সময়ে হাম সন্দেহে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে, সিলেট বিভাগে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১২ জনে। এর মধ্যে সিলেটে ৪৪২ জন, হবিগঞ্জে ২৬০ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৪৫২ জন।
বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, সিলেটে হাম ও হাম সন্দেহে মোট ২১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২০৭ জন সন্দেহভাজন এবং ১০ জনের হাম নিশ্চিত হয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৮৯ জন, হবিগঞ্জে ৩৫ জন, মৌলভীবাজারে ১৭ জন এবং সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে সিলেট বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ৪৬৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। সব মিলিয়ে বিভাগটির বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৫৮ জন।