ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

সীমান্ত অপরাধ প্রতিরোধে আধুনিক প্রযুক্তি ব্যবহার বিজিবির

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬, ১৩ নভেম্বর ২০২৬
সীমান্ত অপরাধ প্রতিরোধে আধুনিক প্রযুক্তি ব্যবহার বিজিবির
ছবি: সংগৃহীত

অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিজিবি সতর্ক অবস্থান গ্রহণ, নিয়মিত টহল জোরদার ও গোয়েন্দা নজরদারিসহ বিশেষ অভিযান পরিচালনা করছে। 

দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধীন প্রায় ৯৯ কিমি: সীমান্তে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিজিবি সতর্ক অবস্থানে থেকে বিশেষ টহল পরিচালনা করছে। এসব এলাকায় গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে। রাতের অন্ধকারে সীমান্ত পর্যবেক্ষণ আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ফ্লাডলাইট স্থাপনের কাজ শুরু করা হয়েছে। একই সাথে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। যাতে দুর্গম ও অন্ধকারাচ্ছন্ন এলাকাতে সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কিংবা অনুপ্রবেশের অপচেষ্টা বরদাস্ত করা হবে না। কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে। দেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে অনুপ্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি স্পর্শকাতর এলাকায় বিজিবি সদস্যদের নজরদারি ও অভিযান অব্যাহত রাখা হয়েছে।

তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত এলাকায় কোনো অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির চলাচল, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা কিংবা যে কোনো সন্দেহজনক কর্মকাণ্ড পরিলক্ষিত হলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে অবহিত করার জন্য তিনি সীমান্তে বসবাসরত জনসাধারণের সাথে মত বিনিময় বৈঠক শুরু করছেন। বৈঠকের মাধ্যমে দেশের স্বার্থে সীমান্তবাসীদের বিজিবি সদস্যদের সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!