ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল, কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশনা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭, ১৩ নভেম্বর ২০২৬
দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল, কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশনা
ছবি: সংগৃহীত

দেশে রাসায়নিক সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টনে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন বেশি। আসন্ন রবি মৌসুমে কৃষকদের নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে মাঠ প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছে কৃষি মন্ত্রণালয়। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি ও অতিরিক্ত দামে সার বিক্রি ঠেকাতে নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ইউরিয়া সারের মজুত ৬ লাখ ৬ হাজার ৯০০ মেট্রিক টন, টিএসপি ৪ লাখ ৭ হাজার মেট্রিক টন, ডিএপি ৩ লাখ ৩১ হাজার ১০০ মেট্রিক টন এবং এমওপি ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন।

গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে মোট সারের মজুত ছিল ১৩ লাখ ৪৫ হাজার মেট্রিক টন। সেই তুলনায় চলতি বছর মজুত উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশে সারের মোট চাহিদা নির্ধারণ করা হয়েছে ৫৮ লাখ ৫ হাজার মেট্রিক টন। অর্থবছরের শুরু থেকে গত ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে ১৯ লাখ ৫০ হাজার ৫০০ মেট্রিক টন সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে ইউরিয়া ৮ লাখ ৭৪ হাজার ৩০০ মেট্রিক টন, টিএসপি ২ লাখ ৭৫ হাজার ৩০০ মেট্রিক টন, ডিএপি ৪ লাখ ৬৩ হাজার মেট্রিক টন এবং এমওপি ৩ লাখ ৩৭ হাজার ৯০০ মেট্রিক টন। এ ছাড়া নভেম্বর মাসে কৃষকদের চাহিদা পূরণে ৭ লাখ ১৪ হাজার ২০০ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকদের সারের প্রকৃত চাহিদা নিরূপণ, মজুত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সুষ্ঠু বিতরণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আগের চাহিদা, বরাদ্দ ও মজুতের তুলনামূলক বিশ্লেষণ করে সম্ভাব্য ঘাটতিপ্রবণ উপজেলা চিহ্নিত করতে বলা হয়েছে। একই সঙ্গে আসন্ন রবি মৌসুমের চাহিদা বিবেচনায় অগ্রিম মজুত ও সরবরাহ পরিকল্পনা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

সার বিতরণে অনিয়ম ঠেকাতে ডিলারদের দোকানে সরকার নির্ধারিত মূল্যতালিকা ও মজুতের তথ্য দৃশ্যমান রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মজুতদারি, কৃত্রিম সংকট, অতিরিক্ত দাম আদায় এবং সীমান্ত দিয়ে অবৈধভাবে সার পাচার রোধে ভ্রাম্যমাণ আদালত ও নিয়মিত অভিযান পরিচালনা করতে বলা হয়েছে।

প্রকৃত কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে কৃষক কার্ড ও কৃষকের তালিকা ব্যবহারের পাশাপাশি শিল্পকারখানায় কৃষি সারের অপব্যবহার ঠেকাতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। জেলা ও উপজেলা সার মনিটরিং কমিটির নিয়মিত সভা আয়োজন এবং দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে মজুত ও বিক্রির প্রতিবেদন পাঠানোর কথাও বলা হয়েছে।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুর রহিম বাসসকে বলেন, আসন্ন রবি মৌসুমে কৃষকদের দোরগোড়ায় সময়মতো ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে অধিদপ্তর ও মাঠ প্রশাসন তৎপর রয়েছে। গত বছরের তুলনায় এ বছর সারের মজুত পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক।

তিনি বলেন, কৃষকদের মধ্যে বিভ্রান্তি বা কৃত্রিম সংকটের আশঙ্কা দূর করতে মাঠপর্যায়ের কর্মকর্তারা কাজ করছেন। প্রয়োজনের অতিরিক্ত সার কিনে ঘরে মজুত না করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সব কৃষকই প্রয়োজনীয় সার পাবেন। কোনো ডিলার যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে জন্য কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।

আবদুর রহিম জানান, সার ব্যবস্থাপনা ও মাঠ প্রশাসনের কার্যক্রম সমন্বয় করতে সারা দেশকে ১৪টি অঞ্চলে ভাগ করে ১৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বলেন, আসন্ন রবি মৌসুমে কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সারের পর্যাপ্ত মজুত থাকায় এবার সরবরাহ নিয়ে উদ্বেগের কারণ নেই। কৃষকদের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে মাঠ প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কঠোর নজরদারি করছে।

তিনি আরও বলেন, কঠোর মনিটরিংয়ের কারণে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। দেশের খাদ্যনিরাপত্তায় উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকা বিবেচনায় রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের ২৬টি জেলায় ২৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সার ব্যবস্থাপনা মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

কৃষি সচিবের আশা, সরকারের পরিকল্পনা, সময়মতো সার উত্তোলন ও সমন্বিত ব্যবস্থাপনার ফলে আসন্ন রবি মৌসুমে দেশে সারের কোনো ঘাটতি হবে না। কৃষকরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার সময়মতো পাবেন। সূত্র: বাসস

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!