ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

কপ৩১ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২০, ১৩ নভেম্বর ২০২৬
কপ৩১ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
কপ৩১ বিশ্বনেতা সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

তুরস্কে তিন দিনের সরকারি সফর ও কপ৩১ বিশ্বনেতা সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৫টা ৪০ মিনিটের দিকে তাকে বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতীকুর রহমান রুমান এ তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরাও দেশে ফিরেছেন।

এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ইস্তাম্বুল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় ফ্লাইটটি। এর আগে বিকেল ৪টা ৩০ মিনিটে আনতালিয়া থেকে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। আনতালিয়া বিমানবন্দরে তাকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও রাষ্ট্রদূত সুবুতায় ইয়ুকসেল।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পরিকল্পনা ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঢাকা উত্তর সিটি বিএনপির সদস্যসচিব ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার।

গত ১০ নভেম্বর তিন দিনের সফরে আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে কপ৩১ বিশ্বনেতা সম্মেলনে অংশ নিয়ে বৃহস্পতিবার উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য দেন তিনি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজন বিবেচনায় পাঁচটি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

এ ছাড়া ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট এবং মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠক হয়।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠকে রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা হয়। এ সময় জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং মিয়ানমারে আশ্রিত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে সহযোগিতা চান তিনি। চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় জ্বালানি, ভারী শিল্প, অবকাঠামো ও কর্মসংস্থান সৃষ্টিতে চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ব্রিটেনের কূটনৈতিক ভূমিকা বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি জলবায়ু অভিযোজন, অভিবাসন এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদার নিয়েও আলোচনা হয়।

উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। এ সময় তারেক রহমানকে উজবেকিস্তান সফরের আমন্ত্রণ জানান দেশটির প্রেসিডেন্ট। আগামী বছর এ সফর হতে পারে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা দেশটির পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারেক রহমান। কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।

সফরে বিভিন্ন দেশের নেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও নির্বাচনী ম্যান্ডেটের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেন তারা।

এদিকে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সম্মেলনের একটি পার্শ্ব-আয়োজনে অংশ নেন। সেখানে তিনি বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের বিষয়ে সরকারের নীতিগত উদ্যোগ তুলে ধরেন এবং এ ক্ষেত্রে কারিগরি সহযোগিতার প্রয়োজনীয়তার কথা বলেন।

কপ৩১ সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তার স্ত্রী এমিনে এরদোয়ানের আয়োজিত নৈশভোজেও প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান অংশ নেন। এ ছাড়া আনতালিয়ায় রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং বিশিষ্ট অতিথিদের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন ডা. জুবাইদা রহমান।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!