ঢাকা, বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
কলকাতা ও শিলিগুড়িতে চালু হচ্ছে বাংলাদেশের নতুন ভিসা কেন্দ্র
আগামী ১ ডিসেম্বর থেকে ভারতের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের নতুন ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম শুরু হচ্ছে। ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়—এই পাঁচ রাজ্যের ভারতীয় নাগরিকরা নতুন কেন্দ্র দুটির মাধ্যমে বাংলাদেশের ভিসার আবেদন করতে পারবেন। পাশাপাশি এসব রাজ্যে দীর্ঘমেয়াদে বসবাসরত বিদেশি নাগরিকরাও এ সুবিধা পাবেন।
নতুন কেন্দ্র দুটির ভিসা আবেদনসংক্রান্ত সেবা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে আউটসোর্সড সার্ভিস প্রোভাইডার ‘সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিসেস’কে (এসজিজিএস)। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা পাঁচ রাজ্যের আবেদনকারীদের নতুন কেন্দ্রগুলোতেই আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে উপ-হাইকমিশন।
নতুন ঠিকানা অনুযায়ী, কলকাতা কেন্দ্রটি হবে সল্টলেকের সেক্টর ফাইভের সিমসিস টাওয়ার্সে (প্লট নম্বর ওয়াই-১৩, ব্লক ইপি অ্যান্ড জিপি, কলকাতা-৭০০০৯১)। অন্যদিকে, শিলিগুড়ি কেন্দ্রটি চালু হবে সেবক রোডের সিটি মলের প্রথম তলায় (শিলিগুড়ি, দার্জিলিং-৭৩৪০০১)।
এর আগে কলকাতার সল্টলেক ও শিলিগুড়িতে ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্বে ছিল বেসরকারি প্রতিষ্ঠান ‘ডিইউ ডিজিটাল’। প্রতিষ্ঠানটি আবেদনপত্র সংগ্রহ করে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে পাঠাত। সেখানে প্রক্রিয়াকরণ শেষে আবেদনকারীরা ভিসাসহ পাসপোর্ট সংগ্রহ করতেন।
আগামী ৩০ নভেম্বর ডিইউ ডিজিটালের সেবার মেয়াদ শেষ হচ্ছে। এরপর নতুন প্রতিষ্ঠান এসজিজিএস ভিসা আবেদন কেন্দ্র দুটির কার্যক্রম পরিচালনা করবে।
সংশ্লিষ্ট মহলের ধারণা, নতুন প্রতিষ্ঠানের হাতে দায়িত্ব হস্তান্তরের উদ্যোগ বাংলাদেশের ভিসা আবেদন প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।