ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

মোহাম্মদপুরে অটোরিকশাচালকদের অবরোধ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৯, ১১ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে অটোরিকশাচালকদের অবরোধ
অবরোধ কর্মসূচি পালন করছেন অটোরিকশা চালকেরা। ছবি: সংগৃহীত

ঢাকা শহরে তিন দিনের মধ্যে অটোরিকশা চলাচল বন্ধের হুঁশিয়ারির প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুর, বসিলা ও গাবতলীমুখী সড়ক অবরোধ করেছেন অটোরিকশাচালকেরা। রোববার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অবস্থান নিয়ে তাঁরা এ কর্মসূচি পালন করছেন। এতে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

অবরোধে অংশ নেওয়া চালকদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই তাঁদের অটোরিকশা আটক করে ডাম্পিং করা হচ্ছে। গাড়ি ছাড়ানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র হাতে নিয়েও দিনের পর দিন ঘুরতে হচ্ছে তাঁদের। এ পরিস্থিতিতে জীবিকা ও পরিবারের ভরণপোষণ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তাঁরা।

এক অটোরিকশাচালক বলেন, সড়কে গাড়ি চলাচল করতে না দেওয়া এবং গাড়ি আটক করে রাখার প্রতিবাদেই তাঁদের এই অবরোধ। ইউটার্ন নেওয়ার সময়ও গাড়ি ডাম্পিং করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, আটক গাড়ি ছাড়ানোর জন্য নির্ধারিত স্লিপ হাতে নিয়েও চালকেরা গাড়ি ফেরত পাচ্ছেন না। কখনো আজ, কখনো পরদিন দেওয়ার কথা বলে তাঁদের ঘোরানো হচ্ছে।

ওই চালক আরও বলেন, ‘আমাদের কয়েকজন চালক গাড়ি ছাড়ানোর স্লিপ হাতে নিয়ে ঘুরছেন। আজ গাড়ি দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি। এর প্রমাণ আমাদের হাতেই আছে।’

জীবিকার সংকট তুলে ধরে তিনি বলেন, অনেক চালক ঋণ করে অটোরিকশা কিনেছেন। কিন্তু গাড়ি আটকে থাকায় আয় বন্ধ হয়ে গেছে, ফলে ঋণের কিস্তি পরিশোধ করাও কঠিন হয়ে পড়েছে। এতে স্ত্রী-সন্তান ও মা-বাবাকে নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা।

অবরোধে অংশ নেওয়া আরেক চালক বলেন, পুরো ঢাকা শহরে গাড়ি চালানোর দাবি তাঁদের নেই। বরং নির্ধারিত সড়কগুলোতে অটোরিকশা চলাচলের সুযোগ চান তাঁরা। তাঁর অভিযোগ, মিরপুর রোডে অটোরিকশা চলাচলের অনুমতি না থাকায় তাঁরা সেখানে যান না। কিন্তু এখন ধানমন্ডি সড়কেও চলাচল করতে দেওয়া হচ্ছে না; সেখানে গেলেই গাড়ি আটক করা হচ্ছে।

চালকদের দাবি, তাঁদের জন্য নির্ধারিত সড়কে চলাচলের সুযোগ নিশ্চিত করতে হবে এবং আটক করা অটোরিকশা দ্রুত ফেরত দিতে হবে। অন্যথায় জীবিকা সংকট আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তাঁরা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!