ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বাংলাদেশি পণ্য রপ্তানিতে সহযোগিতার আশ্বাস ইন্দোনেশিয়ার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৪১, ৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি পণ্য রপ্তানিতে সহযোগিতার আশ্বাস ইন্দোনেশিয়ার
বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্তিওয়াতি সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশি পণ্য ও সেবার আমদানি বাড়াতে ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর ও বহুমুখী করতে ব্যাপক অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির দিকে এগিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্তিওয়াতি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব বিষয়ে আলোচনা হয়।

Advertisement

সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এর মধ্যে বাণিজ্য ও ব্যবসা, জ্বালানি খাতে বিনিয়োগ, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, পর্যটন, সাংস্কৃতিক বিনিময়, জনগণের মধ্যে যোগাযোগ, কনস্যুলার বিষয় এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের মতো বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইন্দোনেশিয়াকে বাংলাদেশি পণ্য ও সেবার আমদানি বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, এতে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বিস্তৃত ও বহুমুখী করা সম্ভব হবে। একই সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে ব্যাপক অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির পর্যায়ে উন্নীত করতে বাংলাদেশের প্রস্তুতির কথাও জানান তিনি।

বাংলাদেশি নাগরিকদের জন্য ইন্দোনেশিয়ার ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধও জানান হুমায়ুন কবির। পর্যটন, সাংস্কৃতিক বিনিময় এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

জবাবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় রপ্তানি বহুমুখীকরণে সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ করে ওষুধসহ বিভিন্ন বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোর উদ্যোগে সমর্থন জানান তিনি।

প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির বিষয়টি তুলে ধরে দুর্যোগ ব্যবস্থাপনায় দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রাষ্ট্রদূত লিস্তিওয়াতিও এ উদ্যোগে সমর্থন জানান। তিনি দুর্যোগের ক্ষতিকর প্রভাব কমাতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, উত্তম চর্চা ভাগাভাগি এবং সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন।

এ ছাড়া বাংলাদেশকে আসিয়ানের খাতভিত্তিক সংলাপ অংশীদার করার উদ্যোগ এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্বে (আরসিইপি) বাংলাদেশের যোগদানের আকাঙ্ক্ষায় ইন্দোনেশিয়ার সমর্থন চান হুমায়ুন কবির।

রাষ্ট্রদূত লিস্তিওয়াতি এসব গুরুত্বপূর্ণ উদ্যোগে বাংলাদেশের প্রতি ইন্দোনেশিয়ার অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!