ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আদ্-দ্বীন হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নোটিশ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৮:৪১, ৪ জুন ২০২৬
আদ্-দ্বীন হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নোটিশ
আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটক। ছবি: সংগৃহীত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালটিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (৪ জুন) অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ দেওয়া হয়।

Advertisement

এতে বলা হয়েছে, আপনি ডা. শেখ মহিউদ্দিনের মালিকানাধীন প্রতিষ্ঠান আদ্‌-দ্বীন হাসপাতাল, ২, বড় মগবাজার, ঢাকায় গত ২৭/০৫/২০২৬খ্রি. তারিখে ৬ (ছয়) নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে, চিকিৎসা অনুশীলন এবং ব্যক্তিগত ক্লিনিক ও পরীক্ষাগার (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর ১১(১) ধারা অনুযায়ী মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর মহোদয় ঘটনাস্থল পরিদর্শনের জন্য ০১/০৬/২০২৬খ্রি. তারিখে স্মারক নং-স্বা:অধি:/প্রশাসন-৪/বিবিধ/২০১৮/২০২৪.১ (৬) মোতাবেক কমিটি গঠন করেন। উক্ত কমিটিকে ৩ (তিন) দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়।

এতে আরও বলা হয়েছে, তদন্তকালে কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের ডিজি, এডি, শিশু বিভাগের প্রধান, এনআইসিইউতে কর্তব্যরত চিকিৎসক, ঘটনাস্থলে দায়িত্ব পালনরত নার্স, আয়া, রোগী, রোগীর অ্যাটেনডেন্ট এবং মৃত নবজাতকদের পরিবারের সদস্যদের বক্তব্য গ্রহণ করেন। কমিটির নিকট প্রতীয়মান হয় যে, উক্ত হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে ‘চিকিৎসা অনুশীলন এবং ব্যক্তিগত ক্লিনিক ও পরীক্ষাগার (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২’ অধ্যাদেশের বিধানসমূহ যথাযথভাবে পালিত না হওয়ায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের দায় নিরূপণ করেছেন।

চিঠিতে বলা হয়েছে, আপনার হাসপাতালটি উল্লিখিত অধ্যাদেশের ৮ ধারা অনুযায়ী লাইসেন্স প্রাপ্ত (লাইসেন্স নং-এইএসএম ৪৫১০০৫৯)। উপরোক্ত অবস্থায় উক্ত অধ্যাদেশের ১১ (২) (খ) ধারা মোতাবেক কেন আপনার, অত্র অধ্যাদেশের অধীনে প্রদত্ত লাইসেন্স বাতিল করা হবে না মর্মে পত্র জারির ৭২ ঘণ্টার মধ্যে (০৭-০৬-২০২৬ বিকেল ৫টার মধ্যে) কারণ দর্শাতে বলা হলো। আপনাকে কারণ দর্শানোর জবাব প্রদানের স্বার্থে তদন্ত প্রতিবেদনের কপি পত্রের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হলো।
 

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!