শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। যদিও দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আগেই জানানো হয়েছিল, ফেব্রুয়ারিতে হানা দিতে পারে এক-দুটি মৃদু শৈত্যপ্রবাহ। আর এ মাসের শেষদিকে ঝরতে পারে বজ্রসহ বৃষ্টি।
আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে। সেই সঙ্গে আগামী ৫ দিনে দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
.png)
শনিবার সন্ধ্যা ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ৩ দিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া আগামী ৫ দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।
এ অবস্থায় রোববার দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সোমবার ও মঙ্গলবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।