নৌবাহিনীর সহায়তা পেল ১৪ শ অসহায় পরিবার
করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় সমুদ্র ও উপকূলীয় প্রত্যন্ত অঞ্চলের এক হাজার ৪০০ এর বেশি অসহায় জেলে ও দরিদ্র পরিবারকে সহায়তা প্রদান করেছে নৌবাহিনী।
শনিবার চট্টগ্রাম, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, খুলনার বিভিন্ন এলাকায় এ সহায়তা প্রদান করা হয়। সহায়তার মধ্যে রয়েছে খাদ্য, অর্থ সহায়তা ও ইফতার সামগ্রী প্রদান।
.png)
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌবাহিনীর সদস্যরা শনিবার (২৪ এপ্রিল) চট্টগ্রামের পোর্ট, বন্দর এলাকা ও সেন্টমার্টিনের ৭০০ অসহায় জেলে ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য, অর্থ সহায়তা ও ইফতার সামগ্রী প্রদান করেছেন।
এছাড়া বাগেরহাটের মোংলার দিগরাজ বাজার, বানিয়াসান্তা ও মোংলা পৌর এলাকার অসহায় ও দরিদ্র ৪০০ পরিবার এবং পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাস্থ বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির পাশ্ববর্তী এলাকার লালুয়া ইউনিয়নের অসহায় ও দরিদ্র ৩০০ পরিবারের মাঝে খাদ্য, অর্থ সহায়তা ও ইফতার সামগ্রী প্রদান করা হয়।
বরিশাল ও পটুয়াখালীর দরিদ্র জেলেদের মাঝে অনুরূপ সহায়তা করেছে নৌবাহিনী জাহাজ সালাম ও কর্ণফুলী। এছাড়া খুলনার লবণচরা, শিপইয়ার্ড ও হরিণটানা এলাকায় খাদ্য, অর্থ সহায়তা ও ইফতার সামগ্রী দেয়া হয়। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, আটা, ছোলা ও লবণসহ বিভিন্ন খাদ্য ও ইফতার সামগ্রী প্রদান করা হয়।
এতে আরো বলা হয়, করোনার কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় নৌসদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে প্রত্যন্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য, অর্থ সহায়তা ও ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে।