বনভূমি দখলমুক্ত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার
সরকারি বনভূমি দখলদারদের হাত থেকে উদ্ধার করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের বন অধিদফতরর মিলনায়তনে ‘বনভূমির মালিকানা সংরক্ষণে সঠিকভাবে বনভূমির রেকর্ডভুক্তির বিষয়ে করণীয়’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জিয়াউল হাসান বলেন, দখলদাররা ভুয়া কাগজ-পত্র তৈরি করে তাদের নামে বনভূমির রেকর্ডভুক্ত করার চেষ্টা করেন। দখল করা বনভূমির জায়গা পুনরায় সরকারের দখলে আনতে হবে। বনের জমি দখলমুক্ত করতে সরকারি প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ বিষয়ে কাউকে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।
কর্মশালার কয়েকটি অধিবেশনে সঠিকভাবে বনভূমি রেকর্ডভুক্ত করার লক্ষ্যে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভূমি রেকর্ড জরিপ অধিদফতরের মহাপরিচালক মো. তসলীমুল ইসলাম ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. মো. বিল্লাল হোসেন, যুগ্ম-সচিব (বন) মো. আব্দুর রাজ্জাক সরকার।