বিমানের ফিরতি টিকেট রি-ইস্যুতে লাগবে না বাড়তি ফি
ঢাকা-দুবাই ও ঢাকা-আবুধাবি রুটে যেসব যাত্রী আগে ফিরতি টিকেট করেছিলেন, কিন্তু করোনাভাইরাসের কারণে যেতে পারেননি, তাদের টিকেট আগে দেয়া হবে। এই ফিরতি টিকেট রি-ইস্যু করার জন্য কোনো যাত্রীকে অতিরিক্ত কোনো টাকা দিতে হবে না।
রোববার বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিরতি টিকেট রি-ইস্যু করা সম্পন্ন হওয়ার পরই কেবল নতুন করে টিকেট বিক্রি শুরু করা হবে। এছাড়া আবুধাবি রুটের সেপ্টেম্বর-২০২০ মাসের সিডিউল আবুধাবি কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন হওয়া মাত্রই সেপ্টেম্বর মাসের টিকেট বিক্রি করা শুরু হবে।
আরো বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে প্রতি সপ্তাহে ঢাকা-আবুধাবি-ঢাকা রুটে ৬টি, ঢাকা-দুবাই-ঢাকা রুটে ৭টি, ঢাকা-লন্ডন- ঢাকা রুটে ১টি, ঢাকা- কুয়ালালামপুর-ঢাকা রুটে ২টি, ঢাকা- গুয়াংজু-ঢাকা রুটে ২টি ও ঢাকা-হংকং-ঢাকা রুটে ২টি ফ্লাইট পরিচালনা করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ এর কারণে পরিবর্তিত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিমানের ফ্লাইট পরিচালনা করার বাধ্যবাধকতা রয়েছে। দুবাই ও আবুধাবি গামী কোনো ফ্লাইটে ২৪০ জনের বেশি যাত্রী পরিবহন না করার ব্যাপারে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে। এ নির্দেশনার কারণে বিমানের বোয়িং-৭৭৭ উড়োজাহাজে ৪১৯ জন ও বোয়িং- ৭৮৭-৮ এ ২৭১ জন যাত্রী পরিবহনের সুযোগ থাকলেও তা করা যাচ্ছে না।