ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

১০ বছরের নেই গাড়ির ফিটনেস সনদ, জুলাইয়ে চিরতরে বাতিল রেজিস্ট্রেশন!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৩৯, ১৯ জুন ২০২০
১০ বছরের নেই গাড়ির ফিটনেস সনদ, জুলাইয়ে চিরতরে বাতিল রেজিস্ট্রেশন!
ছবি: ডেইলি বাংলাদেশ

দশ বছরের বেশি সময় ধরে ফিটনেস সনদ না নেয়া যানবাহনের রেজিস্ট্রেশন বাতিলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। ফলে এসব যানবাহন আর রাস্তায় চলাচল করতে পারবে না। 

সম্প্রতি সংস্থাটি তাদের ডাটাবেজ পরীক্ষা করতে গিয়ে দেখতে পায়, উল্লেখযোগ্য সংখ্যক যানবাহনের মালিক গত ১০ বছর ধরে তাদের যানবাহনের ফিটনেস সার্টিফিকেট নেননি। নিয়ম অনুযায়ী, এসব যানবাহন পরিত্যাক্ত বা ধ্বংস হয়েছে বলে ধরে নিয়ে রেজিস্ট্রেশন বাতিল করা হবে। 

শুক্রবার বিআরটিএ তাদের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেয়। এতে বলা হয়, সড়ক পরিবহন আইনের ২৫ ধারা অনুযায়ী প্রত্যেক যানবাহনের মালিককে বিআরটিএ থেকে ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। কিন্তু গত দশ বছর ধরে অনেক মালিকই তাদের যানবাহনের ফিটনেস সার্টিফিকেট না নিয়েই রাস্তায় গাড়ি চালাচ্ছে, যা স্পষ্টই আইনের লঙ্ঘন। এছাড়া এতে সরকার রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে। 

আগামী ৩০ জুনের ভেতর এসব যানবাহনের মালিককে তাদের যানবাহনের ফিটনেস নবায়ন করতে বলা হয়েছে। তা না হলে আগামী ১ জুলাই থেকে ১০ বছরের অধিক ফিটনেসবিহীন যানবাহন ধ্বংসপ্রাপ্ত বা চিরতরে ব্যবহার অনুপোযোগী বিবেচনা করে সড়ক পরিবহন আইনের ২০১৮ এর ২৪ ধারা অনুযায়ী রেজিস্ট্রেশন বাতিল করা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!