অনিবন্ধিত অনলাইন পোর্টাল নিয়ে কাজ করছে সরকার
অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদমাধ্যমের নামে পরিচালিত পেজের বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিষয়টি নিয়ে আন্তমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী।
.png)
ইয়াসের খান চৌধুরী বলেন, ওয়েব ব্রাউজারের মাধ্যমে পরিচালিত অনলাইন নিউজ পোর্টালের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে পেজ খুলে সেটিকে অনলাইন নিউজ মিডিয়া হিসেবে পরিচয় দেওয়ার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সাংবাদিক হিসেবে কারা স্বীকৃত হবেন, সে বিষয়ে একটি নির্দিষ্ট সংজ্ঞা ও মাপকাঠি থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে সাংবাদিকদের কাছ থেকেই প্রয়োজনীয় প্রস্তাব চাওয়া হয়েছে।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুযোগ-সুবিধা ও নীতিমালার ক্ষেত্রেও নির্দিষ্ট মাপকাঠি থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। প্রকৃত সাংবাদিকরা যাতে তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা পান এবং সাংবাদিকতার সঙ্গে যুক্ত নন এমন কেউ যাতে ট্রাস্টের সুবিধা নিতে না পারেন, সে বিষয়েও সরকার কাজ করছে বলে তিনি জানান।