ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

বোয়িংয়ের পর এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত সরকারের

বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৮, ২৯ সেপ্টেম্বর ২০২৬
বোয়িংয়ের পর এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত সরকারের
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

বোয়িংয়ের পর এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে ৪টি এ৩৫০-৯০০ ওয়াইডবডি এবং ৬টি এ৩২১ নিও ন্যারোবডি উড়োজাহাজ কেনার লক্ষ্যে আলোচনা চলছে। আগামী অক্টোবরেই এ বিষয়ে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

বিমানমন্ত্রী বলেন, ‘বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত যথার্থ হয়েছে। এয়ারবাসও কেনা হবে। আগামী অক্টোবরেই ১০টি এয়ারবাস কেনার চুক্তি হবে। যেখান থেকেই দেশের লাভ হবে, সেখান থেকেই কেনার সিদ্ধান্ত নেওয়া হবে।’

‘কোনো চাপে পড়ে উড়োজাহাজ কেনা হচ্ছে না। দেশের প্রয়োজনেই কেনা হচ্ছে। বিভিন্ন স্থানে নিজস্ব ফ্লাইট চালাতে পারলে উপার্জন বাড়বে। তা ছাড়া বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীরা রয়েছেন, সবাই নিজেদের উড়োজাহাজ ব্যবহার করার সুযোগ পাবেন’, যোগ করেন তিনি।

বহর সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ওই চুক্তিতে অতিরিক্ত উড়োজাহাজ কেনার সুযোগ রাখা হয়েছিল। সেই সুযোগের আওতায় গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি সই হয়েছে।

নতুন চুক্তির ১১টি উড়োজাহাজের মধ্যে রয়েছে ৫টি বোয়িং ৭৮৭-১০ ওয়াইডবডি এবং ৬টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স ন্যারোবডি। ৩০ এপ্রিলের চুক্তিতে নির্ধারিত একই দরে এই সম্পূরক চুক্তি করা হয়েছে।

এর ফলে সব মিলিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মোট ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। এর মধ্যে ২টি বি৭৮৭-৯ ও ১৩টি বি৭৮৭-১০সহ মোট ১৫টি ওয়াইডবডি এবং ১০টি বি৭৩৭-৮ ম্যাক্স ন্যারোবডি উড়োজাহাজ রয়েছে।

চুক্তির শর্ত অনুযায়ী, ২০৩১ সালের নভেম্বরে প্রথম উড়োজাহাজ ডেলিভারি দেওয়া হবে এবং ২০৩৫ সালের মধ্যে সর্বশেষ উড়োজাহাজ ডেলিভারি হবে। তবে ২০২৭-২৮ সালের মধ্যে অন্তত একটি উড়োজাহাজ ডেলিভারির জন্য বোয়িংয়ের কাছে অনুরোধ জানিয়েছে বিমান।

এ ছাড়া এয়ারবাস থেকে ৪টি এ৩৫০-৯০০ ওয়াইডবডি এবং ৬টি এ৩২১ নিও ন্যারোবডি উড়োজাহাজ কেনার লক্ষ্যে আলোচনা চলছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘আমরা টেকসই মিক্সড ফ্লিট তৈরির জন্য কাজ করছি।’

ক্রয়পরিকল্পনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যাত্রী চাহিদার আলোকে গঠিত বিমানের নেটওয়ার্ক ফ্লিট প্ল্যানিং, উড়োজাহাজের রেঞ্জ ও যাত্রী ধারণক্ষমতা, ফ্লাইটপ্রতি সম্ভাব্য যাত্রী এবং সাপ্তাহিক ফ্রিকোয়েন্সি বিবেচনায় ওয়াইডবডি ও ন্যারোবডি উড়োজাহাজের সংখ্যা নির্ধারণ করা হয়েছে।

ওয়াইডবডি উড়োজাহাজ মূলত মধ্যপ্রাচ্যের উচ্চ চাহিদার রুট এবং ইউরোপ ও উত্তর আমেরিকার দীর্ঘ রুটের জন্য ব্যবহার করা হবে। অন্যদিকে ন্যারোবডি উড়োজাহাজ আঞ্চলিক ও স্বল্পদূরত্বের রুটের জন্য ব্যবহার করা হবে। একই সঙ্গে এসব উড়োজাহাজ বিমানের পুরোনো ৭৩৭-৮০০ উড়োজাহাজগুলোও প্রতিস্থাপন করবে।

বিমানমন্ত্রী বলেন, ‘আমরা বিমানের বহর সম্প্রসারণে ইথিওপিয়ান এয়ারলাইনসের মডেল অনুসরণ করছি। একটি ছোট লিগ্যাসি ক্যারিয়ার থেকে এখন ইথিওপিয়ান এয়ারলাইনসের বহরে ১৬৭টি উড়োজাহাজ রয়েছে, যেখানে আমাদের রাষ্ট্রীয় ক্যারিয়ারে রয়েছে মাত্র ১৯টি।’

তিনি বলেন, ‘আপনারা জানেন, ইথিওপিয়ার তুলনায় আমাদের জিডিপি বেশি এবং আমাদের বিমানবন্দরগুলোতে যাত্রী চাহিদাও বেশি। বর্তমানে আমাদের মোট চাহিদার তুলনায় ২০ শতাংশের কিছু বেশি বিমান পরিবহন করতে পারছে। বাকি ৮০ শতাংশই বিদেশি এয়ারলাইনসের দখলে। তাই উড়োজাহাজ স্বল্পতা দূরীকরণে সরকার উড়োজাহাজ ক্রয়ের সময়োপযোগী উদ্যোগ নিয়েছে। এখানে কোনো ভূরাজনৈতিক প্রভাব নেই।’

ক্রয়ের মূল্য পরিশোধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিমান একটি পাবলিক লিমিটেড কোম্পানি। বিমানের নিজস্ব আয় ও উপযুক্ত অর্থায়নের মাধ্যমে ক্রয়ের মূল্য পরিশোধ করা হবে। ডেলিভারি ধাপে ধাপে হওয়ায় অর্থ পরিশোধও ধাপে ধাপে হবে। বিমানের আর্থিক সক্ষমতা, রুট-আয় ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির পূর্বাভাস বিবেচনায় নিয়েই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কাজেই সরাসরি বাজেটের ওপর চাপ পরিলক্ষিত হবে না।’

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের অনুমোদন দিয়েছে একনেক। আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালের আংশিক উদ্বোধন করা হবে। পুরোপুরি প্রস্তুত হতে পাঁচ থেকে ছয় মাসের মতো সময় লাগবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে অতিরিক্ত ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি সইয়ের পর এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। ওই অনুষ্ঠানে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লান্ডাউ, আন্ডার সেক্রেটারি অব কমার্স উইলিয়াম কিমিট এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!