মানিলন্ডারিং মামলায় এক পরিবারের তিনজন গ্রেফতার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে মানিলন্ডারিং মামলায় একই পরিবারের তিনজনকে গ্রেফতার করেছে সিআইডি। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলারও রয়েছে বলে জানানো হয়েছে। এরা হলো- মোছা. মিনি খাতুন (৪৫) মো. আমিরুল ইসলাম ওরফে আলাউদ্দিন (৫০) ও মোছা. আলোমতি (৩২)।
রোববার অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি’র) অর্গানাইজড ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার ফারুক হোসেন জানান, গতকাল শনিবার রাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এদের মধ্যে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় মোছা. মিনি খাতুনের নামে ১১টি মামলা, মো. আমিরুল ইসলাম ওরফে আলাউদ্দিনের নামে ৫টি ও মোছা. আশা খাতুন ওরফে মায়া খাতুনের নামে ৫টি ও মোছা. আলোমতির নামে ৭টি মাদক মামলা রয়েছে। মামলার অপর একজন আসামি মোছা. আশা খাতুন ওরফে মায়া খাতুনকে (৩০) গ্রেফতার করা যায়নি।
সিআইডির উপ-পুলিশ পরিদর্শক অনুপ কুমার দাশ বাদী হয়ে গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় মানিলন্ডারিং মামলাটি দায়ের করেন।
ফারুক হোসেন জানান, তদন্তে জানা গেছে, তারা পরস্পর যোগসাজশে আলমডাঙ্গা পৌরসভার ষ্টেশন পাড়ার মিনি খাতুনের বাড়ীতে অবস্থান করে ২০০৯ সাল থেকে আলমডাঙ্গার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের অর্থ দিয়ে তারা নিজ নামে ও কাছের আত্মীয়স্বজনের নামে অবৈধ সম্পদ গড়ে তুলেছে। তাদের নামে-বেনামে জমি ও বিলাসবহুল বাড়ি রয়েছে।
পলাতক অপর আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান অভিযান পরিচালনা করা সিআইডির এ কর্মকর্তা।