ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

কদবেলের টক-ঝাল-মিষ্টি আচার

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৫:১১, ৩০ সেপ্টেম্বর ২০২১
কদবেলের টক-ঝাল-মিষ্টি আচার
কদবেলের আচার। ছবি সংগৃহীত

কদবেল বেশ উপকারী একটি ফল। এর রয়েছে অনেক পুষ্টিগুণ। টক এই ফলটি দিয়ে তৈরি করা যায় জিভে জল আনা আচার। কদবেল খেতে যারা পছন্দ করেন তারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন মজাদার কদবেলের আচার। এই আচার খেতে খুবই সুস্বাদু। তৈরি করাও খুব সহজ। চলুন তবে জেনে নেয়া যাক কদবেলের টক-ঝাল-মিষ্টি আচার তৈরির রেসিপিটি-  

উপকরণ: কদবেল দেড় কাপ, সরিষার তেল আধা কাপ, রসুন বাটা এক চা চামচ, পাঁচফোড়ন আধা চা চামচ, শুকনা মরিচ দুইটি, সাদা ভিনেগার ১/৩ কাপ, চিনি ১/৪ কাপ, মরিচ গুঁড়া এক চা চামচ, লবণ এক চা চামচ, বিট লবণ এক চা চামচ।  

প্রণালী: আচার তৈরির জন্য একদম গাছপাকা কদবেল ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। কদবেল হাত দিয়ে খুব ভালো করে চটকে নিন। প্যানে তেল দিন। তেল হালকা গরম হলে রসুন বাটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়ুন। পাঁচফোড়ন দিন। শুকনা মরিচ কেটে দিন। এক মিনিট ভেজে নিন সব মশলা। চটকে রাখা কদবেল প্যানে দিয়ে কয়েক মিনিট নাড়ুন। চিনি ও ভিনেগার দিয়ে চুলার আঁচ কমিয়ে দিন। ঘনঘন নাড়তে থাকুন। এক মিনিট পর মরিচ গুঁড়া, বিট লবণ ও লবণ দিন। আচার আঠালো হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। ১০ থেকে ১৫ মিনিট পর তেল ছেড়ে দিলে আচার নামিয়ে নিন চুলা থেকে। 

সংরক্ষণ: মুখবন্ধ বয়ামে রুম টেম্পারেচারে এই আচার সংরক্ষণ করা যাবে ছয় থেকে সাত মাস পর্যন্ত। তবে মাঝে মাঝে রোদে দিতে হবে। ফ্রিজে রাখলে কদবেলের আচার ভালো থাকবে বছরজুড়ে।

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!